দক্ষিণ আফ্রিকার ডারবানেই অনুষ্ঠিত হতে চলেছে ২০২২ কমনওয়েলথ গেমস৷ বুধবার কমনওয়েলথ ফেডারেশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে৷ কানাডার এডমনটোন এর আগে কমনওয়েলথ আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেও ফেব্রুয়ারিতে বিড থেকে নাম প্রত্যাহার করে নেয় তারা৷ ফলে মাল্টি-স্পোর্টস এই ইভেন্ট আয়োজন করার সুযোগ পেয়ে গেল ডারবান৷ আফ্রিকার মাটিতে প্রথম কমনওয়েলথ করার নজির গড়ল ম্যান্ডেলার দেশ৷
২০২২-এর ১৮-৩০ জুলাই পর্যন্ত ২২ তম কমনওয়েলথ চলবে ডারবানে৷ প্রতি চার বছর অন্তর কোনও প্রাক্তন ব্রিটিশ কলোনিতেই কমনওয়েলথ অনুষ্ঠিত হয়ে থাকে৷ কিন্তু এই প্রথম ব্যতিক্রম হতে চলেছে৷ এর আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট-ফুটবল-রাগবি বিশ্বকাপ আয়োজন করার বরাত পেয়েছিল৷ কিন্তু এবার কমনওয়েলথের দায়িত্বে তারা৷ ১৯৩০-এ শুরু হওয়া কমনওয়েলথ গতবার স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হয়েছিল৷ ২০১৮ কমনওয়েলথ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে৷























