মোহাম্মদপুরে হঠাৎ বেড়ে যাওয়া অপরাধ ও ছিনতাই কমাতে জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সোমবার দিবাগত রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে ডেয়ারিং টাইগার্স ২৩ ইস্ট বেঙ্গল এর নয়টি টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযান চালিয়ে ২টি পিস্তল, ২০ রাউন্ড বুলেটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে সহায়তা করছে মোহাম্মদপুর থানা পুলিশ।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট মুনিয়া সোহেল ক্যাম্পে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। তবে সোহেলকে আটক করতে না পারলেও তার ৭ সহযোগীকে আটক করে সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, মোহাম্মদপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের এ অভিযান চলমান থাকবে।
এদিকে আইএসপিআর জানায়, ২৭ অক্টোবর দিন ও রাতে মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেপ্তার করে। এতে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা রয়েছেন।
আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর অবস্থান কঠোর থাকবে।
























