২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মেয়েরা মন্দিরে গেলে ধর্ষণ বাড়বে-শঙ্করাচার্য স্বরূপানন্দ

চারশো বছরের প্রথা ভেঙে মেয়েদের জন্য গত শুক্রবার থেকে আগল খুলে দিয়েছিল ভারতের মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দির।

নারী ভক্তদের আনন্দের এ রেশ কাটার আগেই মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন শঙ্করাচার্য স্বরূপানন্দ নামে এক ধর্মীয় গুরু। তার মতে, এ বার শনির কুনজরে পড়বেন মহিলারা। বাড়বে ধর্ষণের মতো অপরাধ। খবর আনন্দবাজার পত্রিকার।

পনেরো দিনের সফরে হরিদ্বারে এসেছেন স্বরূপানন্দ সরস্বতী। সেখানেই সোমবার তিনি সাংবাদিকদের বলেন, শিঙ্গনাপুর মন্দিরের পবিত্র বেদির কাছে যেতে পারছে বলে যেন মেয়েরা নিজেদের জয়ী মনে না করে।

এ নিয়ে আনন্দ-উচ্ছ্বাস বন্ধ হোক। শনির পুজা তাদের খারাপ সময় ডেকে আনবে। ফলে নারীদের প্রতি অপরাধ, ধর্ষণের সংখ্যা বাড়বে।’

দ্বারকার এই নবতিপর শঙ্করাচার্যের মতে, মন্দিরে প্রবেশের অধিকার আদায়ের চেয়ে আরও অনেক গুরুদায়িত্ব রয়েছে নারীদের। এ নিয়ে আন্দোলনে না মেতে বরং পুরুষেরা যাতে নেশাভাঙ না করে সে দিকে তাদের খেয়াল রাখা উচিত— মন্তব্য করেছেন স্বরূপানন্দ।

মহারাষ্ট্রের এই শনি শিঙ্গনাপুর মন্দিরে যেখানে বিগ্রহ রয়েছে, সেই বেদির কাছে যেতে দেয়া হতো না মেয়েদের।

সমাজকর্মী তৃপ্তি দেশাই এ নিয়ে মামলা করেন আদালতে। বম্বে হাইকোর্ট মহিলাদের পক্ষে রায় দেয়া সত্ত্বেও শিঙ্গনাপুর মন্দিরে ঢুকতে গিয়ে ক’দিন আগেও বাধা পেয়েছিলেন তৃপ্তি ও তার ভূ-মাতা রণরঙ্গিনী ব্রিগেডের সদস্যরা।

শেষে গত শুক্রবারই মন্দির কর্তৃপক্ষ জানায়, মেয়েদের উপর থেকে তুলে নেয়া হচ্ছে শতাব্দী প্রাচীন নিষেধাজ্ঞা। সোমবার মেয়েদের এই প্রতিবাদ-আন্দোলনকেই আসলে একহাত নিয়েছেন শঙ্করাচার্য।

এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। সিপিএম নেত্রী বৃন্দা কারাটের কটাক্ষ, এত দিন তো ওই শনি মন্দিরে মেয়েরা ঢুকতে পারতেন না। তাই বলে কি তাঁদের উপর অত্যাচার হয়নি!

তোলপাড় টুইটারের মতো সোশ্যাল সাইটেও। কেউ লিখেছেন, চারশো বছর তো মেয়েরা শনি মন্দিরে ঢুকতে পারেনি, তাই এত দিন কোনও ধর্ষণও হয়নি!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ