প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না।
আগামী শুক্রবারের ওই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও ওইদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তাতে শেখ হাসিনা যাচ্ছেন না।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী আসতে না-পারলেও তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কোনো সদস্যকে কলকাতার ওই অনুষ্ঠানে পাঠাবেন।
এদিকে গত ১৯ মে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফল প্রকাশের পর বিপুল গরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় ফিরে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আর সে দিন দুপুরেই নিজের বাসভবনে ধন্যবাদ জ্ঞাপনের জন্য তিনি যে সাংবাদিক সম্মেলন করেন, সেখানেই মমতা বলেছিলেন মুখ্যমন্ত্রিত্বের এই মেয়াদে তিনি প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ করে তুলতে চান।
তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জয়ী হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে শুভেচ্ছা জানান মমতা ব্যানার্জিকে। মমতা বলেন, আমি বাংলার জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। বিরোধীদের মিথ্যাচার বুঝতে পেরেছে সাধারণ মানুষ। আগামী ২৭ মে টানা দ্বিতীয়বারের মতো শপথ নেবে মমতার তৃণমূল কংগ্রেস।
























