আজিনুর রহমান আজিম, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে একশ কোটি টাকার মানহানী মামলাসহ রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছেন জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সরিফুল ইসলাম রাজু।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার আরজিতে উল্লে¬খ করা হয়, বিগত ২০০৭-২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্পর্কে ইংরেজি দৈনিক ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনাম তাঁর পত্রিকায় ‘বিভ্রান্তিকর’ ও ‘মানহানিকর’ সংবাদ প্রকাশ করেন। যা সম্প্রতি তিনি একটি টেলিভিশন টক-শোতে স্বীকার করেছেন। মাহফুজ আনাম রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে পরিকল্পিতভাবে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিনষ্ট করতে দেশের অন্যতম গোয়েন্দা সংস্থা ডিজিএফআই- এর নাম ব্যবহার করে প্রতিষ্ঠানটির ক্ষতি সাধনের প্রয়াস চালিয়েছেন এবং একই সাথে রাষ্ট্রনায়ক হিসেবে সারা পথিবীতে সমাদৃত দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মানহানি করেছেন, যা একশত কোটি টাকা দিয়েও পূরণ করা সম্ভব নয়।
অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান মন্ডল স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমতি স্বাপেক্ষে মামলাটি লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজুর রহমানকে তদন্ত করার দায়িত্ব দেন।




















