আইন করে ভোটকক্ষে সাংবাদিকদের প্রবেশ ঠেকানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসছে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকেই এটি কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। তিন সিটি কর্পোরেশন নির্বাচনের সময় সাংবাদিক নাজেহালের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এটি করা হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকরাও এ আইনের আওতায় পড়বেন। এর ফলে ভোটকক্ষের অভ্যন্তরে যাই ঘটুক না কেন, প্রিজাইডিং অফিসারের পূর্বানুমতি ছাড়া কেউই ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন ইসি সংশ্লিষ্টরা।
এদিকে ইসির এ নতুন ভোটকক্ষ পর্যবেক্ষণ নীতিমালা নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় উঠেছে। এমন বিধিনিষেধ আরোপের ফলে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করা হচ্ছে। খোদ ইসির সাবেক ও বর্তমান কর্মকর্তারাও এটিকে দেখছেন ভোট কারচুপির সুযোগ হিসেবে।
এর আগে, পূর্ব অনুমতির কোনো বিধিনিষেধ ছিল না। ২৮ এপ্রিল অনুষ্ঠিত তিন সিটি কর্পোরেশন নির্বাচনের সময়ও এমন বিধিনিষেধ আরোপ হয়নি। তখন সাংবাদিকদের দেয়া ইসির অনুমতি কার্ড বা পর্যবেক্ষণ কার্ডে লেখা ছিল এই কার্ডের বাহক ভোটদানের গোপন কক্ষে প্রবেশ করবেন না। এ কার্ডের বাহক ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নির্দেশ মেনে চলবেন। এ কার্ডের বাহক পর্যবেক্ষণ নীতিমালা ও আচরণ বিধি মেনে চলবেন। অর্থাৎ ভোটকক্ষে প্রবেশের জন্য প্রিজাইডিং কর্মকর্তার পূর্ব অনুমতি প্রয়োজন ছিল না। শুধু গোপন কক্ষে ঢোকা যেত না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিধি-নিষেধ না থাকার পরও তিন সিটি নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্রেই সাংবাদিকদের সকাল ১১টা পর্যন্ত প্রবেশ করতে দেয়নি পুলিশ। ওইদিন বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকারও করেন সিইসি। এছাড়া অনিয়মের কারণে বেশকিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতও করেছিল নির্বাচন কমিশন। আগে অনুমতির বিধান না থাকার পরেও পুলিশ সাংবাদিকদের পর্যবেক্ষণে বাধা দিয়েছে। আর সামনের নির্বাচনে কী অবস্থা হবে তা নিয়ে খোদ ইসি কর্মকর্তারাই উদ্বিগ্ন।
তাদের মতে, এমন বিধানের ফলে সংবাদ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ চলে আসবে। কেননা, কোনো অনিয়ম হলে অনুমতি নিয়ে পর্যবেক্ষণ করতে অনেক দেরি হয়ে যাবে। বিশেষ করে ফটো বা ভিডিও জার্নালিস্টরা কোনো দৃশ্যই ক্যামেরায় ধারণ করতে পারবেন না। অর্থাৎ এমন বিধানের ফলে ভোটকক্ষে কারচুপির বিষয়টি উৎসাহিত হবে।
ইসির উপ-সচিব পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের বিধান সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ ছাড়া কিছুই নয়। এতে নির্বাচনে কারচুপির সুযোগ আরো বেড়ে যাবে।
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন বলেন, প্রবেশের ক্ষেত্রে পূর্ব অনুমতি নেয়ার বিধান নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে বাধাগ্রস্ত করবে এবং নির্বাচনে কারচুপিকে উৎসাহিত করবে। আগে তো সাংবাদিকদের পর্যবেক্ষণের সুযোগ অবাধ ছিল। বর্তমান কমিশন যদি মনে করে সাংবাদিকদের ভোটকক্ষে প্রবেশ করতে দেবে না তাহলে তো কিছু করার নেই। তবে বর্তমান নির্বাচন কমিশনের দাবি, ভোটে শৃঙ্খলা আনার জন্যই এই বিধানটি করা হয়েছে। এ বিষয়ে ইসির প্রভাবশালী নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, আগেও অনুমতি নেয়া হতো। এখনো অনুমতি নেয়ার বিষয়টি রাখা হয়েছে। এমন বিধান যদি না রাখা হয় তবে এক সঙ্গে অনেক সাংবাদিক একটি ভোটকেন্দ্রে প্রবেশ করে ফেললে সমস্যা হতে পারে। সে জন্যই মূলত এটি করা হয়েছে বলে জানান তিনি।




















