ভাড়া বাড়িয়েও বন্ধ করা যাচ্ছে না সিএনজি অটোরিকশা চালকদের স্বেচ্ছাচারিতা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক এক জরিপ মতে, এখনও ৬২ শতাংশ অটোরিকশা চলে চুক্তিতে। আর যাত্রীদের চাহিদামতো গন্তব্যে যেতে রাজি না হওয়ার জন্য রয়েছে হাজারো অজুহাত। আছে ‘খুশি’ করার নামে বাড়তি ভাড়া আদায়ের প্রবণতা।
বিআরটিএ এসব অভিযোগ স্বীকার করে বলছে, সিএনজির মিটারে চলাচল শতভাগ কার্যকর করতে সাধ্যমত চেষ্টা করছেন তারা।
রাজধানীর অটোরিকশা চালকেরা আবার ফিরেছেন আগের চরিত্রে।
নগরীতে মিটারসহ ও মিটার ছাড়া এই দু’ধরণের অটোরিকশার বাইরেও এক ধরণের অটোরিকশা চলে। ধুসর রঙের এই অটোগুলোর মিটার নেই, যাত্রী পরিবহনের অনুমতিও নেই, কিন্তু যাত্রী নিতে ভাড়া হাঁকেন ইচ্ছেমতো।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক এক জরিপ দেখাচ্ছে, নভেম্বরে বাড়তি ভাড়া কার্যকরের পর বেশিরভাগ অটো মিটারে চললেও এখন ৬২ ভাগই আর তা মানছে না। বকশিস দাবি করে ৮১ ভাগ, আর যাত্রীদের পছন্দের গন্তব্যে যেতে চায় না ৭৩ ভাগ চালক। আর মিটারই নেই ৩৮ ভাগ অটোতে।
যাত্রীতো বটেই অনেক চালকেরও অভিযোগ, এক শ্রেণীর চালকের চুক্তিভিত্তিক চলাচলের কারণে ভুগছেন তারাও।
বিআরটিএ চেয়ারম্যান নজরুল ইসলাম বলছেন, তিন চাকার এই যানকে শৃঙ্খলায় আনতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।
বিআরটিএর হিসেবে নগরীতে নিবন্ধিত সিএনজি অটোরিকশার সংখ্যা প্রায় ১০ হাজার। আর যাত্রী কল্যাণ সমিতি বলছে, প্রাইভেট লেবেলযুক্ত এবং অবৈধ অটোরিকশার সংখ্যাও ওই সংখ্যার কাছাকাছি।
যদিও ভাড়া বাড়ানো হয়েছে তারপরও নিয়ম মানানো যায়নি সব সিএনজি চালককে। যাত্রীরা বলছেন, মিটারে চলার এই শুভ উদ্যোগটিকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সরকারের কঠোর নজরদারি।





















