আগামী ২৩ অগাস্ট ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের বৈঠক৷ তার আগে দুই দেশের এই আলোচনা প্রক্রিয়া ইতিবাচক বলে প্রতিক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের৷ দক্ষিণ এশিয়া সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শদাতা পিটার আর ল্যাভোইয়ের আশা,কাশ্মীর সহ আরও যা যা বিষয়ে দুই দেশের মধ্যে বিবাদ তা মেটানোর জন্য নিশ্চয় কোনও একটি রাস্তা এই বৈঠকের মাধ্যমে বেরিয়ে আসবে৷
বারাক ওবামার বিশেষ এই পরামর্শদাতা বলেছেন, যে কোনও আন্তর্জাতিক সমস্যা সহ অন্যান্য যে কোনও সমস্যা সমাধানের জন্য শান্তিপূর্ণ আলোচনাকেই আমেরিকা সমর্থন করে৷ আমাদের আশা ভারত এবং পাকিস্তান এই দুই দেশের মধ্যে সফল আলোচনা হবে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা চলবে৷ ল্যাভোই আরও বলেন, যে যখন বিভিন্ন দেশে শান্তিপূর্ণ আলোচনায় না গিয়ে হিংসার মাধ্যমে সমস্যা সমাধান করেন তখন আমেরিকা চিন্তিত হয়ে পড়ে৷
সম্প্রতি সীমান্তে সংর্ঘষ নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন৷ দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস মোকাবিলা এবং অন্যান্য সমস্যার সমাধান করতে হলে ভারত-পাকিস্তানকে এক অপরের সঙ্গে সহযোগিতা করা উচিত বলে বিবৃতি দেওয়া হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে৷
আমেরিকার এই বার্তা সম্পর্কে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া আসেনি ভারত এবং পাকিস্তানের পক্ষ থেকে৷























