প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে। পরমুখাপেক্ষী হয়ে নয়, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
রোববার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছৈ। কুটির শিল্প থেকে সার্বিক তৎপরতায় তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। কর্মমুখী ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবসম্পদকে কর্মদক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থানের মাধ্যমে দেশের বেকার সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক রোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানান।’
তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা যাতে মাদকাসক্তিতে না জড়ায়, জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে না জড়ায়; সে জন্য আপনাদেরও ভূমিকা রাখতে হবে। মানুষের মধ্যে সচেতসনতা সৃষ্টি করা এবং এটা প্রতিরোধ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখায় বিশেষ ভূমিকা আপনারা রাখবেন, সেটাই আমরা চাই।’
প্রধানমন্ত্রী বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা বর্তমানে সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণে অংশ নিচ্ছে। এছাড়া আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে এ বাহিনী সারাদেশে এক বিশাল পরিবর্তন সূচনা করেছে। জরুরি প্রয়োজনে সরকারের বিশ্বস্ত সহযোগী হিসেবে এ বাহিনী বার বার উৎকৃষ্ট প্রমাণ রেখেছে।
প্রধানমন্ত্রী আনসার একাডেমিতে পৌঁছার পর বাহিনীর কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় সরকারপ্রধানের সঙ্গে ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান এবং প্যারেড কমান্ডান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম। এরপর প্রধানমন্ত্রী সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য আনসার সদস্যদের মধ্যে পদক বিতরণ করেন।
পরে প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও, রাজশাহী, খুলনা ও রাঙ্গামাটিসহ পাঁচ জেলায় আনসার ব্যাটিলিয়ন সদর দপ্তরের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী আনসার সদস্যদের নির্মিত ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টলও পরিদর্শন করেন।





















