বিশ্বের প্রথম অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণীত হওয়ায় তথ্যমন্ত্রীকে বনপা’র অভিনন্দন

বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশনের (বনপা)’র সভাপতি সুভাষ সাহা ও মহাসচিব এএইচএম তারেক চৌধুরী বিশ্বের প্রথম অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণীত হওয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে অভিনন্দন জানান ও নীতিমালাটি সবার জন্য উন্মুক্ত করতে দ্রুত গেজেট প্রকাশের অনুরোধ করেন। অনলাইন নিউজপোর্টালগুলোর সাংবাদিকদের জন্য সরকারি পরিচয়পত্র দেয়ার দাবি জানিয়ে এ সময় তারা মন্ত্রীকে একটি পত্রও হস্তান্তর করেন।

তথ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অনলাইন গণমাধ্যম নীতিমালা একটি বিরাট অগ্রগতি। তাৎক্ষণিকভাবে খবর সবার কাছে পৌঁছুতে অনলাইন সংবাদ পোর্টালগুলোর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশনের (বনপা) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তারা মন্ত্রিপরিষদে সদ্য অনুমোদিত অনলাইন গণমাধ্যম নীতিমালা নিয়ে আলোচনা করেন। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে হাসানুল হক ইনু আলোচনায় উত্থাপিত দাবিগুলো দ্রুত পর্যালোচনার আশ্বাস দেন।

তথ্যমন্ত্রী এ সময় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ণকালে সক্রিয় ভূমিকা পালনের জন্য ‘বনপা’সহ সব অংশীজনকে ধন্যবাদ জানান। বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াজ,  বিএইচ বেলাল, মিজানুর রহমান, নাজমুল হাসান, আহম ফয়সল ও কামরুজ্জামান প্রমুখ মতবিনিময়ে অংশ নেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ