বিশ্বকাপের বিরতি শেষে আগামী সপ্তাহে পিএসজিতে ফিরছেন লিওনেল মেসি। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি কোচ ক্রিস্টোফে গ্যালতিয়ের।
৩৫ বছর বয়সী মেসি দশ দিন আগে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ শিরোপা জয় করেছেন। ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে দুই গোলও করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। পেনাল্টি শ্যুট আউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জয় করে মেসির দল। বিশ্বকাপ জয়ের পর কাতার থেকে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে আর্জেন্টিনা ফিরে সেখানে সকলের সঙ্গে শিরোপা জয়ের আনন্দ উদযাপনে ব্যস্ত রয়েছেন মেসি।
পিএসজি কোচ গ্যালতিয়ের বলেন, ‘বিশ্বকাপ জয়ের মাধ্যমে ক্যারিয়ারে সবচেয়ে বড় শিরোপা অর্জন করেছে লিও। স্বাভাবিকভাবেই এই জয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে এখন তিনি আর্জেন্টিনায় আছেন। আগামী ১ জানুয়ারি পর্যন্ত তাকে ছুটি দেওয়া হয়েছে। ২ অথবা ৩ জানুয়ারি সে ক্লাবে যোগ দিবে। তবে তারপরও কিছু দিন তাকে ম্যাচের বাইরে রাখা হবে। এই সময়ের মধ্যে মেসি বিশ্বকাপের পর অন্তত ১৩-১৪ দিন সময় হাতে পাবে।’
এই কদিনে মেসি লিগ ওয়ানের দুটি ও ফ্রেঞ্চ কাপের একটি ম্যাচ মিস করবেন। ধারণা করা হচ্ছে আগামী ১১ জানুয়ারি সে দলে ফিরবে।
এদিকে, আসন্ন গ্রীষ্মে মেয়াদ শেষ হতে যাওয়া বর্তমান চুক্তি আরো এক বছর বাড়ানোর জন্য পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি ও ক্লাবের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মেসির আলোচনার কথা রয়েছে।
গ্যালতিয়ের জানান, মেসি না থাকলেও বিশ্বকাপের অন্যান্য তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে ও নেইমার বিরতি শেষে শুরু থেকেই মাঠে নামবেন। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেও ফ্রান্সকে জয় উপহার দিতে পারেননি এমবাপ্পে। কিন্তু হতাশা কাটিয়ে তিনদিন পরেই পিএসজির অনুশীলনে ফিরেছেন তিনি।
























