বিবাহবিচ্ছেদ-ই হার্ট অ্যাটাকের মূল কারণ!

নিউ ইয়র্ক:  বিবাহ বিচ্ছেদে হৃদরোগের ঝুঁকি অনেক বেশি থাকে বলে দাবি করল যুক্তরাষ্ট্রের একদল গবেষক।
প্রায় ১৬ হাজার মানুষ উপর চালানো এক গবেষণায় দেখা গিয়েছে, বিবাহ বিচ্ছেদে মহিলারা মানসিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এমনকি দ্বিতীয়বার বিয়ে করলেও তারা সেই মানসিক ধকল কাটিয়ে উঠতে পারে না।

যুক্তরাষ্ট্রের জার্নাল সার্কুলেশনে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, বিবাহ বিচ্ছেদের ফলে যে প্রবল মানসিক চাপ তৈরি হয় সেটি দীর্ঘ মেয়াদে শরীরের উপর নেতিবাচক প্রভাব তৈরি করে। তবে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন বলছে, বিবাহ বিচ্ছেদকে হৃদরোগের জন্য বড় ঝুঁকির হিসেবে চিহ্নিত করার আগে আরও গবেষণা করা প্রয়োজন।

সাধারণত প্রিয়জনের মৃত্যু হৃদরোগের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে তোলে। এখন যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয় বিবাহ বিচ্ছেদের পর একই ধরনের প্রভাবের কথা বলছে।

১৯৯২ থেকে ২০১০ সাল পর্যন্ত চালানো গবেষণায় দেখা গিয়েছে, প্রায় প্রতি তিনজনের মধ্যে একজনের অন্তত একবার বিবাহ বিচ্ছেদ হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, পুনরায় বিয়ে করলে নারীদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি সামান্য কমলেও পুরুষরা সেটি পুরোপুরি কাটিয়ে উঠতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

মহিলাদের ক্ষেত্রে প্রথম বিয়ে নিজেদের জন্য সুরক্ষা দিলেও পরবর্তী বিবাহে তাদের জন্য খানিকটা অনিশ্চয়তা থাকে। গবেষকরা জানাচ্ছেন, মানুষের মানসিক চাপ তৈরি হলে সেটি তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। উচ্চ রক্তচাপের কারণে যেসব ঝুঁকি তৈরি হয় সেগুলোর জন্য ওষুধ থাকলেও বিবাহ বিচ্ছেদের ফলে যে মানসিক চাপ তৈরি হয় তার কোন সহজ সমাধান নেই।

গবেষকরা আরও জানাচ্ছেন, মানুষের মানসিক চাপ তার শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তবে তারা বলছেন হৃদরোগের জন্য বিবাহ বিচ্ছেদ কতটা বড় ঝুঁকি তৈরি করে সেটি নির্ণয় করার জন্য আরও গবেষণার প্রয়োজন আছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ