রাজধানীর গুলশানের হলি-আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ভয় বিদেশি বিনিয়োগকারীরা আতঙ্কে ছিলেন। বাংলাদেশে তাদের বাণিজ্যে স্থবিরতা চলে এসেছিল। বিশেষ করে জাপানি ব্যবসায়ীরা ছিলেন বেশি আতঙ্কে। তবে এবার সেই আতঙ্ক কেটে গেছে। তারা আবার বাংলাদেশমুখী হচ্ছেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ( বিডা)।
সিঙ্গাপুরে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফরে কী অর্জন হয়েছে সে বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিডা। বিডার প্রতিনিধিদল গত ১ আগস্ট থেকে ৪ আগস্ট সিঙ্গাপুর সফর করে। সে ময় বাংলাদেশ-জাপান বিটুবি (বিটুবি) কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ , বাণিজ্য সচিব শুভাশীষ বসু, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি আবুল কাসেম খান, চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি-সিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. আমিনুল ইসলাম বলেন, ‘সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সেখানের ব্যবসায়ী এজেন্সি আমাদের কী দিতে পারে, আমরা কী দিতে পারি সে ব্যাপারে জাপানের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। হলি আর্টিজান হামলায় জাপানিরা বেশি আতঙ্কিত হয়েছে। তাদের ফোকাস করে আমরা আলোচনা করেছি। তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়েছ। তাদের বাংলাদেশ সম্পর্কে ভীতি কেটে গেছে।’
আমিনুল ইসলাম বলেন, ‘প্রায় এক মাস আগে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে সিঙ্গাপুরের শীর্ষ ব্যবসায়ী সংগঠন বিজনেস ফেডারেশনের (এসবিএফ) একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসে। সে সময় বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তারা। সে বিষয়ে আমাদের আলোচনা হয়। তারা বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করবে বলে জানিয়েছেন।’
বিডা চেয়ারম্যান বলেন, ‘সিঙ্গাপুর অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের তৃতীয়। বিশ্বব্যাংকের ‘ডুইং বিজনেস’ বা ব্যবসা সহজীকরণ সূচকে তারা এক দুই এর মধ্যে থাকে। ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৭৬তম। আমরা পাঁচ বছরের মধ্যে এ সূচকে ১০০ দেশের মধ্যে উন্নীত হতে চাই।’
সংবাদ সম্মেলনের শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেসনের মাধ্যমে সিঙ্গাপুর সফরের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক শমী কায়সারসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
























