বিচারপতি মানিককে কসাই উল্লেখ করে কড়া সমালোচনা রিজভীর

বিচারপতি শামসুদ্দিন হায়দার চৌধুরী মানিক বিচারাঙ্গনকে আওয়ামী লীগের কর্মসূচী বাস্তবায়নের কেন্দ্রে পরিণত করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন্তব্য করেন। [ad id=”28167″]

রিজভী আহমেদ বলেন, বিচারপতি শামসুদ্দিন হায়দার চৌধুরী মানিকের কথা শুনলে আপনার মনে হবে কোন কসাই কথা বলছেন। এ কারণেই বিভিন্ন জায়গায় মানুষের রোষানলে পড়েন তিনি। রিজভী আহমেদ বলেন, আজকে যখন নোংরা কর্মকাণ্ডগুলো উদ্ভাসিত হচ্ছে, প্রধান বিচারপতি আইনের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলছেন, তখন তারা সহ্য করতে পারছেন না। এ জন্যই তারা এ কথাগুলো বলছেন।

প্রধান বিচারপতির সমালোচনার জবাবে মানিকের উদ্দেশে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, প্রধান বিচারপতি যদি খালেদা জিয়ার মুখপাত্র হয়ে থাকেন তাহলে আপনি কার মুখপাত্র ছিলেন? এটা তো গোটা দেশবাসী জানে। এত বড় একটি পবিত্রাঙ্গন যেটি একজন অসহার মানুষের শেষ ভরসারস্থল সেটিকে আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নের কেন্দ্র পরিণত করেছিলেন আপনি।

তিনি বলেন, এই মানিক আদালত প্রাঙ্গণকে আওয়ামী কর্মসূচি বাস্তবায়নের কেন্দ্র বানানোর প্রচেষ্টা চালিয়েছিলেন। নানাবিধ অপকর্ম এবং ক্ষমতার অপব্যবহার করে তিনি এ কাজটি করেছিলেন। তিনি বলেন, এদেশে ব্রিটিশ আমল থেকে উচ্চ আদালত কখনও এত অশ্রদ্ধেয় হয়ে পড়েনি। আদালত এত বিতর্কিত হয়নি। বিতর্কিত করেছেন খায়রুল হক ও শামসুদ্দিন চৌধুরী মানিক।

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ জাতীয় নেতাদের কারাগারে আটকে রাখার সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, অবৈধ ক্ষমতার দর্পে বাহুবলী হয়ে আজ তারা মানুষকে মানুষ বলে তোয়াক্কা করছে না। ক্ষমতার মদমত্তে দখলবাজ, চাঁদাবাজ, ছিনতাইবাজ, হলমার্ক, শেয়ারমার্কেট ও সরকারি ব্যাংক লুটেরারাই বাজপাখির মতো দাপিয়ে বেড়াচ্ছে।

তিনি বলেন, আজকের শাসকদলের আন্দোলনের ফসল মঈনউদ্দিন-ফখরুদ্দীনের সরকারও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে দুর্নীতিপরায়ণ বানাতে পারেননি। অথচ দুর্নীতির বরপুত্র বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতা বলে মিথ্যা মামলা দিয়ে মাহমুদুর রহমানকে দীর্ঘদিন ধরে কারাগারে আটকে রেখেছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় ন্যায় বিচারের পরিসর দিন দিন সংকীর্ণ হয়ে আসছে উল্লেখ করে মাহমুদুর রহমানসহ সকল জাতীয় নেতার মুক্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ