চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সেলিম ও সুমন নামে দুই বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন এক ভারতীয়সহ দুইজন। আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার ভোর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন−জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের বুদ্ধ মিয়ার ছেলে সেলিম (২৮) এবং একই ইউনিয়নের দশরশিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুমন (২২)। আহতরা হলেন−একই ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের তোফাজ্জল আলীর ছেলে সাকির। অপর আহত ব্যক্তি ভারতের মুর্শিদাবাদ জেলার নজরুল ইসলামের ছেলে লালবর আলী।
স্থানীয়রা জানান, ওয়াহেদপুর সীমান্ত দিয়ে সেলিম, সুমনসহ বেশ কয়েকজনের একটি দল বৃহস্পতিবার ভোররাতে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ওপারে ভারতীয় চাঁদনী চক ক্যাম্পের টিকলীরচর এলাকায় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এতে সেলিম ও সুমন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং লালবর ও সাকির আহত হন। সহযোগীরা তাদের লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। আজ সকালে পরিবারের লোকজন গোপনে কদমচর এলাকায় তাদের দুজনের মরদেহ দাফন করে।
আহত লালবর ও সাকিরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তারা। ভোর ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে তাদের হাসপাতালে আনা হয়।
দুর্লভপুর ইউনিয়নের চেয়ারমান আব্দুর রাজীব রাজু হতাহতের খবর নিশ্চিত করেছেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লালবর (১৮) বলেন, ‘গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গরু আনতে ১১ জন সীমান্তের ওপারে গিয়েছিলাম। সীমান্ত অতিক্রম করে পাঁচকাঠা ভেতরে প্রবেশ করে নদী পার হবো, এমন সময় জঙ্গলে লুকিয়ে থাকা বিএসএফ সদস্যরা লাইটের আলো জ্বালিয়ে আমাদের ওপর গুলি চালায়। এরপর আমাদের অন্য যারা সুস্থ ছিলেন, তারা আমাদের বাংলাদেশে নিয়ে আসেন।’
এ ব্যাপারে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সীমান্তে দুই জন নিহত হওয়ার কথা স্বীকার করেন। এই কর্মকর্তা জানান, হতাহতদের স্বজনরা এখনও লিখিত অভিযোগ করেননি। তবে বিজিবি’র পক্ষ থেকে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে।





















