বাধা উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন খালেদা জিয়া

বাধা উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন খালেদা জিয়াআন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাত ১ টা ২৫ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান সাবেক এই প্রধানমন্ত্রী।

এরপর ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।[ad id=”28167″]

এর আগে রাত ১২ টা ২০ মিনিটে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন।

পথে হাইকোর্টের মোড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে পুলিশ বাধা দেওয়ার অভিযোগ পাওয়া যায় । এসময় বিএনপির সহস্রাধিক নেতাকর্মী বিক্ষোভে ফেটে পড়ে। পুলিশের বাধা উপেক্ষা করেই তারা দলের চেয়ারপারসনের গাড়িবহর নিয়ে শহীদ মিনারের পথে যেতে থাকে।

ঘটনাস্থল থেকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান প্রায় ১৫ মিনিট ধরে খালেদা জিয়ার গাড়ি বহরকে আটকে রাখা হয়েছে। শহীদ মিনারে প্রবেশের পুরো তালিকা আগেই জমা দেওয়া হয়েছে। যারা যাবেন, তারা প্রত্যেকেই এনলিস্টেড।

এ বিষয়ে বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান জানান, শহীদ মিনারে যেতে বিএনপি নেত্রীকে তিন জায়গায় ‘ব্যারিকেড’ দেওয়া হয়।
“এরপর শহীদ মিনারে পৌঁছালে নেত্রীর সঙ্গে ফুল দিতে যাওয়া নেতাদের আটকানো হয়। আমাদের নেতাদের নাজেহাল করা হয়েছে।”

পরে উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটা করায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দলটির এক নেতা অভিযোগ করেছেন।

শনিবার এক বাণীতে খালেদা জিয়া বলেন, একুশে ফেব্রুয়ারি জাতীয় জীবনে এক তাৎপর্যময় দিন। মাতৃভাষা বাংলার অধিকার ও মর্যাদা রক্ষার জন্য সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসে পুলিশের গুলিতে আত্মদান করে। তাদের এই মহিমান্বিত আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান। বায়ান্নর পথ ধরেই এদেশের সব গণতান্ত্রিক এবং স্বাধীকারের সংগ্রাম সম্প্রসারিত হয়েছে, অর্জিত হয়েছে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা।

খালেদা জিয়া বলেন, ভিন্ন কায়দায় আমাদের ভাষা সংস্কৃতির ওপর বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন চলছে মহল বিশেষের সহযোগিতায়। যারা দেশকে তাবেদার রাখতে চান তারাই চক্রান্তজাল বুনে আধিপত্যের থাবাকে বিস্তার লাভ করার সুযোগ দিয়ে সাংস্কৃতিক ও অর্থনৈতিক আগ্রাসনকে প্রশ্রয় দিচ্ছে। যাতে আমরা মাথা উচুঁ করে দাঁড়াতে না পারি।

৫২’র ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন। পাশাপাশি ভাষা সৈনিকদের শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে তাদের সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

তিনি বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বায়ান্ন’র ২১শে ফেব্রুয়ারিতে সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক তাৎপর্যময় দিন। বায়ান্ন সালের ২১’শের পথ ধরেই এদেশের সকল গণতান্ত্রিক এবং স্বাধীকারের সংগ্রাম সম্প্রসারিত হয়েছে, অর্জিত হয়েছে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ