৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

‘বাজেট ২০১৫-১৬’ আজ সরকারের চলতি মেয়াদের ২য় বাজেট ঘোষণা

আজ বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। এটা হবে সরকারের চলতি মেয়াদের ২য় বাজেট। বাজেটের আকার ৩ লাখ কোটি টাকা হতে পারে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিকেল ৩টা থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অর্থমন্ত্রী জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।

বাজেট উপস্থাপনের জন্য শেষ মুহুর্তেও ঘষামাজার কাজ করে যাচ্ছেন অর্থমন্ত্রী। জানা গেছে, ৭ শতাংশ জিডিপি লক্ষ্যমাত্রা ধরে প্রায় ৩ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন তিনি। রাজস্ব আয় ধরা হচ্ছে ২ লাখ ৮ হাজার কোটি টাকা। ৯৭ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি চূড়ান্ত করা হয়েছে। বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ৮৭ হাজার কোটি টাকার বেশি। যা জিডিপির ৫ শতাংশের বেশি।

বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়াচ্ছেন অর্থমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৩শ ৭০ কোটি টাকা। এর বাইরের নানা কর ও বিভিন্ন ফি থেকে আসবে ৩৫ হাজার কোটি টাকা। বৈদেশিক অনুদান থেকে ধরা হয়েছে ৭ হাজার কোটি টাকা।

এনবিআর নিয়ন্ত্রিত করের মধ্যে আয়কর থেকে সবচেয়ে বেশী লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে, ৬৫ হাজার ৯শ ৩২ কোটি টাকা, ভ্যাট থেকে ৬৩ হাজার ৯শ ২ কোটি টাকা আর শুল্ক থেকে ৪৬ হাজার ৫শ ৩৬ কোটি টাকা।

অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঘাটতি বাজেট মেটানো হবে। অভ্যন্তরীণ উৎস থেকে যোগান আসবে ৫৫ হাজার ৮শ ৩ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে আসবে ৩৮ হাজার কোটি টাকা। জাতীয় সঞ্চয়পত্র থেকে আসবে ১৭ হাজার কোটি টাকা। বৈদেশিক সাহায্য পাওয়া যাবে ৩০ হাজার ৪শ ৪৫ কোটি টাকা।

জানা গেছে, এবার বাজেটে ভর্তুকি বাবদ রাখা হচ্ছে ২৪ হাজার টাকার বেশি। সরকারি চাকুরেদের বেতন বাস্তবায়নের নির্দেশনা থাকবে। ব্যক্তি করমুক্ত আয়ের সীমা ২ লাখ ২০ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার টাকা করা হতে পারে। ন্যূনতম আয়কর চার হাজার টাকা করা হতে পারে। করপোরেট করের হারও সবস্তরে ২ শতাংশ হারে কমানো হতে পারে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ