৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশীদের জন্য ভিসা সহজ করতে আমিরাতের প্রতি আহ্বান

বাংলাদেশীদের জন্য আরব আমিরাতের ভিসা সহজতর করতে সে দেশের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজার আল-শেহি রোববার  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে তার সচিবালয় কার্যালয়ে সাক্ষাতের সময়  মন্ত্রী এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, “আরব আমিরাতের নাগরিকদের জন্য বাংলাদেশ  ‘ভিসা অন এরাইভাল’ পদ্ধতি চালু করেছে। ব্যবসা-বাণিজ্য ও দাফতরিক প্রয়োজনসহ বিভিন্ন কাজে বাংলাদেশীদের আরব আমিরাতে প্রবেশের জন্য ভিসা পদ্ধতি সহজ হবে বলে বাংলাদেশ আশা করে।”

হাসানুল হক ইনু এ সময় দুদেশের মধ্যে তথ্য ও সংবাদ আদান-প্রদাণ বৃদ্ধির মাধ্যমে দুদেশের জনগণের সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। আরব আমিরাতকে ঘনিষ্ঠ উন্নয়ন সহযোগী বলে অভিহিত করে মন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে আমিরাতের আল-নাহিয়ান ফাউন্ডেশনের আওতায় প্রস্তাবিত হাসপাতাল কমপ্লেক্স এবং আল-নাহিয়ান ট্রাস্ট, বাংলাদেশের কাজের অগ্রগতির বিষয়েও রাষ্ট্রদূত সাঈদ এর সাথে আলোচনা করেন। 

রাষ্ট্রদূত ড. সাঈদ গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তিসহ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের দ্রুত উন্নয়নের প্রশংসা করেন এবং উন্নয়ন ও সন্ত্রাস দমনে দুদেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা সহযোগিতা ও দণ্ডপ্রাপ্ত আসামি প্রত্যাবর্তন চুক্তির পাশাপাশি সে দেশের দূতাবাসের জন্য ঢাকায় জায়গা বরাদ্দের বিষয়টিও আলোচনা করেন রাষ্ট্রদূত।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ