জার্মানির ক্রেফেল শহরের চিড়িয়াখানায় বানরের অভয়াশ্রমে ভয়াবহ আগুন সেখানকার সব প্রাণী মারা গেছে বলে নিশ্চিত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
জার্মানির ডুসেলডর্ফের পাশের শহর ক্রেফেলের চিড়িয়াখানায় বর্ষবরণের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাতভর আগুনে পুড়ে যায় বানরের অভয়ারণ্য। সেখানে যত প্রাণী ছিল তার কোনটিই আর বেঁচে নেই বলে ফেসবুকে দেয়া বিবৃতিতে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সব মিলিয়ে ত্রিশটিরও বেশি প্রাণীর মৃত্যু ঘটেছে বলে নিশ্চিত করেছে তারা। তবে পাশের ‘গরিলা গার্ডেন’ ক্ষতিগ্রস্ত হয়নি।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছেন। আমরা এখনও হতভম্ব। কোনো সহযোগিতা লাগবে কিনা কিংবা কোথায় লাগতে পারে তা বলতে পারছি না।
এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নববর্ষ উদযাপনের আতশবাজি থেকে এর সূত্রপাত হতে পারে বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।
তবে, পুলিশের এক কর্মকর্তা বার্লিনের একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আকাশে ওড়ানো ফানুস থেকেও এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। নর্থরাইন-ওয়েস্টফালিয়া এলাকায় ২০০৯ সাল থেকে ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছিল। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
বানরদের এই অভয়ারণ্যটি ১৯৭৫ সালে তৈরি করা হয়েছিল। ধীরে ধীরে এটি ওরাংওটাং, শিম্পাঞ্জি, গরিলাদের বাসস্থানে পরিণত হয়েছিল।
























