বঙ্গবন্ধু হত্যা নিয়ে যা বলেছিলেন মেজর জিয়া

১৫ আগস্ট। তখনো ভোর হয়নি, অন্ধকার রয়ে গেছে। ঢাকা সেনানিবাসে আমাদের এলাকার অনেকগুলো বাড়ি লেফটেন্যান্ট কর্নেল রশিদের (বঙ্গবন্ধুর হত্যাকারী দলের সদস্য) অনুগত সেনারা ঘেরাও করে ফেলে। রশিদ সম্ভবত আমার বাসাতেই আগে আসে। আমাকে ঘুম থেকে তুলে বলল, সে এবং ফারুক ব্যাটালিয়ন ট্রুপসকে ক্যু করার জন্য হুকুম দিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘এই মুহূর্তে ট্রুপসের সঙ্গে তোমার কোনো যোগাযোগ আছে কি?’ সে বলল, ‘কোনো যোগাযোগ নেই।’ আমি তাকে বললাম, ‘এর পরিণতি কী হবে বুঝতে পারছ?’ রশিদ আমাকে উল্টো বলল, ‘আমি যে হুকুমটা দিয়েছি, সেটা এই মুহূর্তে ফিরিয়ে আনতে পারব না। কিন্তু আমাকে যদি সেনাবাহিনী গুলি করতে চায়, তাহলে এই স্টেন দিলাম। যে কেউ আমাকে গুলি করতে পারবে।’

প্রয়াত মেজর জেনারেল আমীন আহম্মেদ চৌধুরী ‘১৯৭১ ও আমার সামরিক জীবন’ শীর্ষক বইয়ে এসব কথা লিখেছেন। সদ্য প্রকাশিত ওই বইয়ে আরও লেখা হয়েছে, সে (রশিদ) নানা ইমোশনাল কথা বলছিল। ওই সব কথাবার্তা বাদ দিয়ে আমি তাকে বললাম, ‘গো অ্যান্ড টক টু চিফ অব আর্মি স্টাফ অ্যান্ড দেন সেটেল দ্য ইস্যু। তোমার সারেন্ডার করা ছাড়া আর কোনো উপায় নেই।’ আরও বললাম, ‘তোমার এই অ্যাকশন সেনাবাহিনীকে দারুণ ক্ষতিগ্রস্ত করতে পারে।’

আমি বুঝলাম, সে আমাকে সঙ্গে নিয়ে এগোতে চায়। চিন্তা করলাম, আমি রশিদের অনুগত সেনাদের হাতে ঘেরাও হয়ে আছি। তার অনুগত সেনাদের কাছে মেশিনগানসহ অন্যান্য অস্ত্র রয়েছে। এ অবস্থায় কৌশলী হতে হবে। রশিদ আমাকে তার সঙ্গে মেজর হাফিজের বাসায় যেতে বলল। আমি বেসামরিক পোশাক পরে তার সঙ্গে প্রথমে হাফিজের বাসায় গেলাম। মেজর হাফিজ এবং আমাকে সঙ্গে নিয়ে রশিদ কর্নেল শাফায়াত জামিলের বাসায় গেল। তার বাসাও রশিদের অনুগত সেনারা ঘেরাও করে রেখেছিল। রশিদ আগে কর্নেল শাফায়াত জামিলের বাসায় যায়। মেজর হাফিজ আর আমি পরে ঢুকি। যখন ভেতরে ঢুকছি, তখন দেখলাম, রশিদ বলছে, উই হ্যাভ ক্যাপচারড স্টেট পাওয়ার আন্ডার খন্দকার মোশতাক। শেখ ইজ কিলড, ডু নট ট্রাই টু টেক অ্যানি অ্যাকশনস অ্যাগেইনস্ট আস। তখন শাফায়াত জামিল কিছুটা হকচকিত ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। অবশ্য কয়েক সেকেন্ডের মধ্যেই তার এ অবস্থা কেটে যায়। এরপর তিনি খুব রাগান্বিত স্বরে রশিদকে বললেন, ‘হুই ইজ হি টু টেক দিজ টাইপ অব রাবিশ অ্যাকশন অ্যান্ড স্টুপিড অ্যাক্টিভিটি।’ তিনি খুব জোরে জোরে ধমক ও শাসানি দিয়ে বললেন, ‘আই উইল কোর্ট মার্শাল টু ইউ।’ এরপর রশিদ তার বাড়ি থেকে বেরিয়ে গেল। এই সময় সেনাপ্রধান কে এম সফিউল্লাহ শাফায়াত জামিলের বাসায় ফোন করেন। তাদের দুজনের কথোপকথন আমার সামনে হয়নি। কারণ, টেলিফোন ছিল বেডরুমে। পরে জেনেছি, সেনাপ্রধান তাকে জিজ্ঞেস করেন, বঙ্গবন্ধুর বাড়িতে কারা আক্রমণ করেছে, তা তিনি জানেন কি না। জবাবে শাফায়াত জামিল বলেন, তিনি জানেন না। তবে রশিদ তাকে এ কথা বলেছে। এরপর সফিউল্লাহ শাফায়াত জামিলকে বলেন, বঙ্গবন্ধু তাকে (সফিউল্লাহ) টেলিফোনে জানিয়েছেন যে আক্রমণকারীরা সম্ভবত শেখ কামালকে মেরে ফেলেছে। সফিউল্লাহর সঙ্গে কথা বলে শাফায়াত জামিল তার অধীন তিন কমান্ডিং অফিসারকে ফোন করে ব্যাটালিয়নকে তৈরি হওয়ার নির্দেশ দেন। এরপর তিনি ড্রয়িংরুমে আসেন। তখন আমি শাফায়াত জামিলকে বললাম, ‘স্যার, এই মুহূর্তে আপনার উচিত হবে প্রথমে ট্রুপসের কাছে যাওয়া। রশিদ বাড়ি ঘেরাও করে রেখেছে। তার অনুগত সেনাদের হাতে লোডেড আর্মস রয়েছে। বেশি রাগারাগি করতে গিয়ে সে যদি এখনই গোলাগুলি শুরু করে দেয়? আমরা তো সবাই নিরস্ত্র এখানে। তাই এই মুহূর্তে রাগারাগি করাটা ঠিক হবে না। বরং আমাদের কায়দা করে আগে ট্রুপসের কাছে যেতে হবে। কিন্তু রশিদ সে কাজ করার সুযোগ আমাদের দেবে না। সে আমাদের চোখে চোখে রাখছে।’

এরপর আমরা ওখান থেকে বের হয়ে হেঁটে মেজর জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে যাই। আমাদের পেছনে পেছনে রশিদও আসে। খুব কাছেই ছিল জিয়ার বাড়ি। তিনি তখন উপ-সেনাপ্রধান। যখন আমরা তার বাসার দিকে যাচ্ছিলাম, তখন পথে রেডিওতে শুনতে পেলাম বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। পথে কোথাও একটি রেডিও অন করা ছিল। শুনে আমার খারাপ লাগল।

আমরা তিনজন একসঙ্গে জিয়ার বাড়িতে গেলাম। আমাদের দেখে গার্ড গেট খুলে দিল। আমরা ড্রয়িংরুমে ঢুকলাম। শাফায়াত জামিল কোনায় গিয়ে দাঁড়ালেন। জিয়া স্লিপিং পোশাকে প্রায় দৌড়ে এলেন। তিনি তখন শেভ করছিলেন। এক গালে শেভ করছেন, অন্য গালে সাবান। এসেই বললেন, ‘শাফায়াত, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড?’ শাফায়াত জামিল বললেন, ‘অ্যাপেরেন্টলি টু ব্যাটালিয়ন হ্যাজ স্টেজ আ ক্যু।’ জিয়া বললেন, ‘শাফায়াত, উই আর নট ডেকোর, গেট ব্যাক দ্য ট্যাংকস’, অর্থাৎ আমরা তো বসে থাকার জন্য এখানে আসি নাই, ট্যাংকগুলো এখনই ফেরত নিয়ে আসো।’ এ কথা বলার পরপরই শাফায়াত বললেন, ‘এইমাত্র রেডিওতে ঘোষণা করা হচ্ছে, দে হ্যাভ কিলড দ্য প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান’, অর্থাৎ ‘তারা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে।’ ‘সো হোয়াট, লেট ভাইস প্রেসিডেন্ট টেক ওভার’, অর্থাৎ ‘তাতে কী হয়েছে, উপরাষ্ট্রপতিকে ক্ষমতা গ্রহণ করতে দিন।’ এই কথাগুলো যখন হচ্ছিল, তখন কিন্তু রশিদ আরেকটা দরজার সামনে পিস্তল নিয়ে দাঁড়িয়ে ছিল।

আমরা জিয়ার বাড়ি থেকে বের হলাম। তখন আবার রেডিওর ঘোষণা শুনতে পেলাম। রশিদ আমাদের ছেড়ে চলে গেল। শাফায়াত জামিল তার ব্রিগেড হেডকোয়ার্টারে গেলেন। আমি বাসায় এসে তাড়াতাড়ি ইউনিফর্ম পরে সেনাসদরে গেলাম। সেখান থেকে গেলাম চতুর্থ ইস্ট বেঙ্গলের হেডকোয়ার্টারে। সেখানে তখন মিনি কনফারেন্স হচ্ছিল। খালেদ মোশাররফ সভায় সভাপতিত্ব করছিলেন। দুটি বিষয় আলোচিত হলো। এক. এই মুহূর্তে যদি তাদের নিরস্ত্র করা যায়, তাহলে ব্যাপারটা বেশিদূর গড়াবে না। আর যদি এই মুহূর্তে নিরস্ত্র করতে না পারা যায়, তাহলে যেসব সেনা বিদ্রোহ করেছে, তাদের বাদ দিয়ে বাকি সবাইকে সেনানিবাসের ভেতরে আনতে হবে। চেইন অব কমান্ড ঠিকমতো জারি করে সুযোগ বুঝে একটা কাউন্টার অ্যাকটিভিটিজ চালিয়ে তাদের নিরস্ত্র করতে হবে। এ ধরনের কথাবার্তা যখন চলছিল, তখন আরআরকে সজ্জিত জিপে করে একটা স্টেনগান হাতে মেজর শরীফুল হক ডালিম সেনাসদরে ঢোকে। ডালিম চাকরিচ্যুত হয়েও সেদিন ইউনিফর্ম পরিহিত ছিল। ডালিম যখন সেনাসদরে ঢোকে, তখন সেনাসদরে যত সেনা কর্মকর্তা ছিল, তাদের সবাই সরে যায়। ডালিম সরাসরি চিফ অব স্টাফের অফিসে ঢুকে যায়। সেখানে দুই-তিনজন অফিসারসহ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ আর আমি ছিলাম। খালেদ মোশাররফ আমাকে সঙ্গে নিয়ে সেনাপ্রধানের রুমের ভেতরে ঢোকে। বাকি সেনা কর্মকর্তারা বাইরে থাকলেন। খালেদ মোশাররফ আমাকে সেনাপ্রধান ও ডালিমের মাঝখানে দাঁড়াতে বললেন। ডালিম অত্যন্ত রাগান্বিত স্বরে কথাবার্তা বলছিল এবং স্টেনগান নাড়াচ্ছিল। এতে যেকোনো মুহূর্তে স্টেনগানের গুলি বেরিয়ে যেতে পারত। সেনাপ্রধানকে বললেন, খন্দকার মোশতাক প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। তার প্রতি আনুগত্য প্রকাশের জন্য সে সেনাপ্রধানকে চাপ দিতে থাকে (হয়তো মোশতাকই ডালিমকে সেনাপ্রধানের কাছে পাঠিয়েছিল তার প্রতি আনুগত্য প্রকাশের জন্য)। এরপর সেনাপ্রধান কে এম সফিউল্লাহ ৪৬ ব্রিগেডে রওনা দেন। তার পেছনে ডালিমও রওনা হয়। খালেদ মোশাররফের সঙ্গে আমিও সেখানে গেলাম।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ