ফতুল্লায় গ্যাসের দাবিতে ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভুঁইঘর এলাকায় ‘গ্যাস নাই গ্যাস চাই, পাক করে খেতে চাই’ স্লোগানে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সাধারণ জনগণ ব্যানারে কুতুবপুর ইউনিয়ন এলাকাবাসী ওই বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।
এসময় বক্তারা বলেন, ভুঁইঘর এলাকায় এসবি গার্মেন্টসের কারণে এলাকায় গ্যাস পাওয়া যায় না। ওই গার্মেন্টসের কমপ্রেসারের সাহায্যে লাইনের গ্যাস টেনে নিয়ে যায়। ফলে এলাকায় সারাদিন গ্যাস থাকে না। রাত ১২টার পর গার্মেন্টস বন্ধ থাকলে এলাকায় গ্যাস পাওয়া যায়। আর গার্মেন্টস চালু থাকলে রাতেও রান্না করার মতো গ্যাস পাওয়া যায়না। এ বিষয়ে বিভিন্ন সরকারি দফতরে অভিযোগ দেয়া হলেও কোনো প্রতিকার না পাওয়ার কারণে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।
বক্তারা আরো বলেন, ‘আগামী তিনদিনের মধ্যে গ্যাসের সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে ওই গার্মেন্টসের কমপ্রেসার খুলে ফেলতে হবে। দ্রুত এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হবে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানা ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, এলাকাবাসী গ্যাসের দাবিতে রাস্তায় বিক্ষোভ করে। পরে তাদের গ্যাস সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলে বেলা ১২টার পর পরিস্থিত শান্ত হলে লিংক রোডে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।






















