২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রেমের গুঞ্জন, রনির বাহুডোরে সাদিয়া

দীর্ঘদিন ধরেই গুঞ্জন যে, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নির্মাতা ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি! তবে এমন গুঞ্জনে নিশ্চুপ তাঁরা। বরাবরই প্রেম-সম্পর্ক বিষয়ক প্রশ্ন এড়িয়ে গেছেন। কিন্তু এবার বিষয়টি অনেকটাই স্পষ্ট হলো!

গত ২০ অক্টোবর ছিল রেদওয়ান রনির জন্মদিন। বিশেষ দিনটি উদযাপনের জন্য এক ছাদের নিচে হাজির হয়েছিলেন তাঁর সহকর্মীরা। যেখানে ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিমসহ অনেকে। তবে তাঁদের মধ্য বিশেষভাবে নজর কেড়েছেন সাদিয়া আয়মান, যাঁকে পরোক্ষভাবেই ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি।

জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন রনি। যেখানে অন্য সহকর্মীদের সঙ্গে ফটোশুটে নির্মাতা আর নায়িকাকেও পাওয়া গেছে একই ফ্রেমে। একটি ছবিতে দেখা যায়, সাদিয়াকে বাহুডোরে জড়িয়ে ধরে রয়েছেন রনি। ছবিগুলো ফেসবুকে শেয়ার করে নির্মাতা লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোনকলে জন্মদিনের ভালোবাসা শুভেচ্ছা পেয়ে অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।’

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রনি আরও লেখেন, ‘আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একইসঙ্গে কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।

শেষে ‘প্রিয়তমা’কে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।

রেদওয়ান রনির সেই পোস্টে ভক্তরা দারুণ দারুণ মন্তব্য করে যাচ্ছেন। তবে একটি মন্তব্য নেটিজেনদের নজর কেড়েছে বিশেষভাবে, যা কিনা নির্মাতার উদ্দেশে লিখেছেন সাদিয়া আয়মান। তাঁর কথায়, ‘আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা।

এরপরই এই দুই তারকার কথায় দুইয়ে-দুইয়ে চার মেলাচ্ছে নেটিজেনরা। তাঁদের ভাষায়, বুঝতে সমস্যা হচ্ছে না নির্মাতা ও অভিনেত্রীর মাঝের সমীকরণ। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলছেন না রনি কিংবা সাদিয়ার কেউই।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ