১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আমি সচেতন ভাবে অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিচ্ছু করি না : আরিফিন শুভ

ঢাকার চিত্রনায়ক আরিফিন শুভ এখন ব্যস্ত মুম্বাইতে; নিজের প্রথম হিন্দি ওয়েব সিরিজের কাজে। ‘জ্যাজ সিটি’ শিরোনামে সনি লিভের সিরিজটি পরিচালনা করছে আলোচিত ‘জুবিলি’ সিরিজের স্রষ্টা সৌমিক সেন। এই কাজ শেষ না হতেই শিডিউল জটিলতায় কলকাতার পরিচালক রাহুল মুখার্জির রোম্যান্টিক ‘মন মানে না’ সিনেমার কাজ ফিরিয়েছেন ঢাকাই সিনেমার এই নায়ক।

সম্প্রতি কলকাতার এসে সেখাকার দৈনিক আনন্দবাজারকে সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন আরিফিন শুভ। সবশেষ শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছিলেন এই নায়ক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাম্প্রতিককালে এই সিনেমার জন্য সমস্যায় পড়তে হয়েছে শুভকে?

আনন্দবাজারকে আরিফিন শুভ বলছেন, ‘‘পৃথিবীতে যত জায়গায় এ পর্যন্ত কোনও অভ্যুত্থান হয়েছে, তার সঙ্গে কিছু কোল্যাটারাল ড্যামেজ হয়েছে। আপনি পার্কের মধ্য দিয়ে শান্তিতে যাচ্ছিলেন, কিন্তু আচমকা একটা ঘটনার শিকার হয়ে গিয়েছেন। এতে কিছু করার থাকে না। আমি সচেতন ভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না। কোনও ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তা হলে কলকাতার এই কাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না। আমার আগামী ছবি ‘নীলচক্র’ রিলিজ করবে সামনে। তার পর ‘নুর’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘লহু’ রয়েছে। আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি, যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেটা হয়ে ওঠা। আর আমার কাজ দেখে দর্শকের প্রতিক্রিয়া। আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন, আমি সেখানে নিজেকে উজাড় করে দেব। কিন্তু বাস্তবেও আমি সেই বোকা লোকটা, এমন তো নয়। আশা করি আমি সবটা বোঝাতে পেরেছি।’’

সেই সাক্ষাৎকারে আরিফিন শুভ কথা বলেছেন নিজের বিচ্ছেদ নিয়েও। শুভর ভাষ্য, বাইরের আলোচনা আমার উপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙার ঘটনা পৃথিবীতে প্রথম ঘটছে না। এর চেয়ে অনেক খারাপ কিছু প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে। অভিনয় জগতে থাকার জন্য আমাদের নিয়ে মুখরোচক খবর হয়, কী আর করা যাবে। ছ’বছর ধরে আমি ফেসবুক থেকে দূরে। একটা পেজ রয়েছে, যেটা আমার টিম চালায়। ফেসবুক কেমন যেন একটা হেট মেশিনে পরিণত হয়েছে। লোকে নিজের জীবনে এতটাই বীতশ্রদ্ধ যে, অন্যের নিন্দে করে শান্তি পায়। ব্যাপার হল, যারা আমাকে নিয়ে কথা বলছে, তারা আমার জীবনটা কাটাচ্ছে না। আমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি কিচ্ছু জানে না। তা হলে সে আমাকে নিয়ে কথা বলার কে? বললেই বা আমি শুনব কেন?

কলকাতার আর কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চান? এমন প্রশ্নে শুভ জানিয়েছেন, এখনও পর্যন্ত রঞ্জন ঘোষ, অরিন্দম শীল আর রাহুলের সঙ্গেই কাজ করেছি। এখানে খুব বেশি কারও সঙ্গে আমার আলাপ নেই। তবে কাজ সকলের সঙ্গেই করতে চাই। সৃজিত মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় সঙ্গে আলাপ করতে চাই। এখানে দু’-একটা কাজ করলে হয়তো চেনাজানা বাড়বে। ব্যক্তিগত ভাবে সৃজিতদা, শিবুদা, কৌশিকদার (গঙ্গোপাধ্যায়) কাজের ভক্ত। তবে ভাল চরিত্র পেলে আমি পৃথিবীর যে কোনও জায়গায় কাজ করতে পারি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ