‘প্রধানমন্ত্রী শান্তিতে নোবেল পেতে পারেন’

প্রধানমন্ত্রী শান্তিতে নোবেল পেতে পারেন বলে মন্তব্য করেছেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন। তিনি বলেন-‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে মর্যাদার আসনে নেয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধা, শিক্ষক-সাংবাদিকসহ পেশাজীবীদের কল্যাণে করণীয় সব কাজ করায় দেশ এখন শান্তিতে চলছে। দেশে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক দিক নিয়ে কাজ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে নোবেল পেতে পারেন।

আজ শনিবার দুপুরে পীরগঞ্জের জামতলা নামকস্থানে পীরগঞ্জ মহাবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, এখানে প্রধানমন্ত্রীর বাড়ি। তাই আগামী ৫ বছরে পীরগঞ্জকে শিক্ষানগরীতে পরিণত করতে হবে। উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্বিধাদ্বন্দ্ব ভুলে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিশ্রম আর আন্তরিকতা থাকলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় নিজেকে প্রতিষ্ঠিত করেই এর প্রমাণ করেছেন।

অনুষ্ঠানে মহাবিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও সভাপতি ইসমাইল হোসেন বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, অধ্যক্ষ খলিলুর রহমান, অধ্যক্ষ সাদেকুল ইসলাম, দিশিবো চেয়ারম্যান পত্নী বেগম রওশন আরা আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, বিগত ২০০০ সালে উপজেলার রায়পুরে পীরগঞ্জ মহাবিদ্যালয় প্রতিষ্ঠার পর এবার সেটি উপজেলা সদরের জামতলায় স্থানান্তর করা হলো।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ