প্রধানমন্ত্রীর বরিশাল আগমন উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতায় নগরী সেজেছে অপরূপ সাজে। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরাও দিন রাত পরিশ্রম করেও ক্লান্ত হচ্ছেন না। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তারা ব্যাপক উচ্ছ্বসিত। সার্বক্ষণিক নগরীকে সাজানোর কাজে নিয়োজিত রয়েছেন তারা।
বঙ্গবন্ধু উদ্যানের বিশাল মাঠেই আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির ভাষণ দেবেন। সভায় সভাপতিত্ব করবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
এদিকে মঙ্গলবার আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিসহ আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম জনসভাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকে গোলাম আব্বাস চৌধুরী দুলাল উপস্থিত ছিলেন।
এছাড়া দুপুরে র্যাব-৮’র অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীবসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা নানা দিক নিয়ে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র সঙ্গে আলোচনা করেন। বিকেলে সভামঞ্চ পরিদর্শণ করেন প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ প্রমুখ।
বরিশাল মহানগরীর সর্বত্রই প্রধানমন্ত্রীর ছবি সংবলিত বিলবোর্ড ও ব্যানারে ছেয়ে গেছে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম থেকে সার্কিট হাউজ ও জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যান পর্যন্ত সাজানো হয়েছে রং-বেরংয়ের ফেস্টুন ও প্লাকার্ড দিয়ে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তোড়ণ নির্মাণ করা হয়েছে। কীর্তনখোলা নদীর তীর থেকে সার্কিট হাউজ ও বঙ্গবন্ধু উদ্যান পর্যন্ত অসংখ্য তোড়ন শোভা পাচ্ছে। কোথাও কোনো ধুলা-বালি নেই। পরিস্কার-পরিচ্ছন্ন এক নগরীতে রূপ নিয়েছে বরিশাল।
এদিকে জাতীয় পার্টি- জেপি ভাণ্ডারিয়া উপজেলার নেতারা ইতিমধ্যেই জনসভার সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সঙ্গে মতবিনিময় করে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন। বরিশাল মহানগর জেপি, যুব-সংহতিও মতবিনিময় সভা করে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ডেকে দেয়া হয়েছে পুরো নগরীকে। বিশেষ করে প্রধানমন্ত্রীর যাতায়াত পথ থেকে জনসভাস্থলে আরো এক সপ্তাহ আগেই নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়। বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে।
বরিশাল রেঞ্জ ডিআইজি সফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর যাতায়াত পথ এবং বঙ্গবন্ধু উদ্যানের জনসভাস্থলসহ সর্বত্র কঠোর নিরাপত্তা দেয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
























