৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘পৌর নির্বাচনেও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে’

রুহুল কবীর রিজভী

জাতীয়তাবাদী-দল বিএনপি অভিযোগ করেছে যে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মতোই পৌর নির্বাচনেও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে।
আজ দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতোই পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডব অব্যাহত আছে। সেই তাণ্ডবের পরও নির্বাচন কমিশনের নির্বিকার ভূমিকার খবর আমরা বিভিন্ন এলাকা থেকে পাচ্ছি।

“ভোট চুরি, ভোট ডাকাতির এতো সব মহাযজ্ঞের পরেও কোনো রকম গণতান্ত্রিক সৌজন্যের তোয়াক্কা না করেই আজকেও হয়তো নির্বাচন কমিশন বলবে, আগের নির্বাচনগুলোর চেয়ে আজকের নির্বাচন আরও সুষ্ঠু হয়েছে। যেমন তারা প্রতিবার বলে থাকে। নির্বাচন কমিশন যেন সরকারের খাঁচাবন্দি পাখি। তার যেন কিছুই করার নেই, শুধু সরকারের নির্দেশ মান্য করা ছাড়া।”

প্রসঙ্গত, দেশের ৯টি পৌরসভায় আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তৃতীয় ধাপের এ ভোটে নরসিংদীর ঘোড়াশাল ও রায়পুরা, লক্ষ্মীপুরের সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর সদর ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভায় নির্বাচন হচ্ছে।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, ইউপি নির্বাচনের মতোই পৌর নির্বাচনকে কেন্দ্র করেও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের তান্ডব চলছে। এ সময় তিনি নোয়াখালী, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পৌরসভায় নানা অনিয়মের চিত্র তুলে ধরেন।

রিজভী বলেন, “এই সরকার গণবিচ্ছিন্ন সরকার বলেই দেশনেত্রী, যিনি হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য লড়াই করছেন, তাকে ভয় পেয়ে এই বেআইনি, দুর্বিনীত কাজগুলো করছে, যাতে তিনি (খালেদা জিয়া) মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

“কিন্তু এটি তাদের ভুল ধারণা। উনার উপস্থিতি দেশে লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করে। কোনো কারাগারই উনাকে বন্দি করে রাখতে পারবে না।”

নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা জামাল শরীফ হীরু, মাহবুবুর রহমান শামীম, আবদুল আউয়াল খান, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ