রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় পুলিশের হাইওয়ে রেঞ্জের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামের স্ত্রী জেসমিন আহমেদের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে তিনি মারা যান। রোববার বিকেলে এ ঘটনা ঘটেছে।
হাইওয়ে রেঞ্জের ডিআইজি মল্লিক ফকরুল ইসলাম পরিবার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের ৭ নম্বর সড়কের ১১৯ নম্বর ছয়তলা বাড়ির তৃতীয় তলায় বসবাস করতেন।
ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে জেসমিন আহমেদ (৫০) বাসার ছাদ থেকে অসাবধানতা বশত পা পিছলে নীচে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় এ্যাপোলো হাসাপাতালে নিয়ে গেলে সাড়ে ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় ফকরুল ইসলাম বাসায় ছিলেন না।
তবে জেসমিন আহমেদ ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে মারা গেছেন, নাকি আত্মহত্যা করেছেন, এব্যাপারে পরিবারের কেউ নিশ্চিত করতে পারেন নি। তার দুই সন্তান রয়েছে। এদিকে হাইওয়ে রেঞ্জের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম সাংবাদিকদের জানান, তার স্ত্রীর মাইগ্রেনের সমস্যা রয়েছে। তাকে চিকিৎসার জন্য একাধিকবার বিদেশেও নেয়া হয়েছিল। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। দুপুরে স্ত্রী ও দুই সন্তান বাসায় ছিলেন। তিনি সন্তানদের কাছ থেকে জানতে পারেন, দুপুরের খাবার খেয়ে তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। এসময় সন্তানরাও তাদের কক্ষে ঘুমে ছিলেন। তাদের মা কখন ভবনের ছাদে গিয়েছিলেন কেউ টের পাননি।
























