মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ নিয়ে মন্তব্য করায় ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মো. মিজানুর রহমান সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানাবেন।
গত বৃহস্পতিবার একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এই ঘটনায় গত শুক্রবার উদ্বেগ জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭১ সালের ঘটনাবলীর প্রেক্ষাপটে বাংলাদেশে চলমান বিতর্কিত বিচার নিয়ে আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে পাকিস্তান।
একই সঙ্গে গত শুক্রবার পাঞ্জাবের আইনসভায় নিজামীর রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়ায় সর্বসম্মতিক্রমে উদ্বেগ প্রকাশ করে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। পাঞ্জাবের আইনসভার সদস্য ও স্থানীয় জামায়াত-ই-ইসলামী নেতা ওয়াসিম আখতার এই প্রস্তাব উত্থাপন করেন।
প্রস্তাবটিতে যুদ্ধাপরাধী নিজামীর মৃত্যুদণ্ড ঠেকাতে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে ওআইসি ও জাতিসংঘের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
























