পাকিস্তানের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। আজ দুপুরে হাইকমিশনার সুজা আলম তলবে সাড়া দিয়ে মন্ত্রণালয়ে পৌঁছেন। বেলা দেড়টার পর তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমানের দপ্তরে যান। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গতকাল পাকিস্তানে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ধরে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদ জানাতেই সূজা আলমকে ডাকা হয়। বেলা দুইটায় বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুজা আলম। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, শিগগির এর একটি সমাধান হবে। আশাকরি পরিস্থিতির ইতিবাচক উত্তরণ ঘটবে। আলোচনা ইতিবাচক হয়েছে বলে উল্লেখ করে তিনি।
গতকাল ঢাকায় পাকিস্তান হাইকমিশন কর্মকর্তা আবরার খানকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে তিন হাজার ভারতীয় রূপি উদ্ধারের কথা জানায় পুলিশ। যদিও পুলিশের এ দাবি প্রত্যাখ্যান করে হাইকমিশন বলেছে, হয়রানির জন্য তাকে আটক করা হয়েছিল। বিকালে ওই কর্মকর্তাকে ছেড়ে দেয়ার পর পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন নিখোঁজ হন। পরে মধ্যরাতে তাকে ছেড়ে দেয়া হয়। ওই কর্মকর্তা জানিয়েছেন, সাদা পোশাকধারীরা তাকে ধরে নিয়ে গিয়েছিল।





















