পটিয়া মাদ্রাসার নাম ভাঙিয়ে প্রতারণা : সতর্ক হওয়ার আহ্বান পরিচালকের

দেশের অন্যতম প্রধান কওমি মাদরাসা আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া চট্টগ্রামের নাম ভাঙিয়ে কুচক্রী মহলের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন জামিয়ার প্রধান পরিচালক আল্লামা মুফতী মুহাম্মদ আবদুল হালীম বোখারী। এক বিবৃতিতে আল্লামা বোখারী বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও কর্তৃপক্ষের অভিযোগ সূত্রে জানতে পারছি যে, একটি প্রতারকচক্র জামিয়া ইসলামিয়া পটিয়ার নাম ভাঙিয়ে এতিম-মিসকীন এবং গরীব ছাত্রছাত্রীদেরকে শিক্ষাবৃত্তির কথা বলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট ফোন করে প্রতিটি ছাত্রছাত্রীদের নিবন্ধন বাবৎ কারো কারো কাছে ২০০ টাকা, কারো কাছে ৩০০ বা ৫০০ টাকা পর্যন্ত বিকাশে প্রেরণের জন্য দাবি করে আসছে। প্রতারকচক্রটি জামিয়া পটিয়ার পক্ষ থেকে এ সংক্রান্ত বিশাল তহবিল গঠনের অলীক গল্প শুনিয়ে এবং প্রতিটি ছাত্রছাত্রীকে ৫০০০ টাকা হারে শিক্ষাবৃত্তি দেওয়া হবে বলে লোভ দেখিয়ে সহজ-সরল মাদরাসা কর্তৃপক্ষসমূহকে প্রতারণার ফাঁদে ফেলতে অপচেষ্টা চালাচ্ছে বলে জানতে পারছি।

এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সকল মাদরাসা, ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানার কর্তৃপক্ষসমূহকে সজাগ-সতর্ক থাকার আহ্বান জানিয়ে আল্লামা বোখারী বলেন, “এসব সম্পূর্ণই ভিত্তিহীন, ভূঁয়া এবং ধোঁকাবাজদের ধান্ধাবাজি ছাড়া কিছুই নয়। গরীব-মিসকীন ও এতীম ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তির নামে জামিয়া কর্তৃপক্ষ আদৌ কোনো তহবিল গঠন করেনি এবং নিবন্ধনের জন্য কোনো বিজ্ঞপ্তি বা কোনো ধরনের ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। অতএব কুচক্রী মহলের এ ধরনের প্রতারণামূলক সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং উক্ত প্রতারকচক্রকে হাতেনাতে ধরে আইনের কাছে সোপর্দ করার অনুরোধ করছি।”

জামিয়ার প্রধান পরিচালক আল্লামা মুফতী আবদুল হালীম বোখারীর প্রেস সেক্রেটারি মু. সগির আহমদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ