ন্যু ক্যাম্পে দেড় লাখে বিয়ের অনুষ্ঠান, ২৮ হাজারে খেলা যাবে ম্যাচ

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। বর্তমানে ক্লাবটির ঋণের পরিমাণ প্রায় দেড় বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার কোটি টাকার বেশি। তাই আর্থিক দৈন্যতা কাটিয়ে উঠতে বাড়তি অর্থ উপার্জনের পথ খুঁজছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

সে লক্ষ্যে নিজেদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পকে ভাড়ায় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। এখন থেকে যে কেউ চাইলে ন্যু ক্যাম্পে ম্যাচ খেলতে পারবে। এমনকি খেলা না থাকার দিনগুলোতে বিয়েসহ অন্যান্য যেকোনো অনুষ্ঠানও আয়োজন করতে পারবে। সেজন্য অবশ্য গুনতে হবে মোটা অঙ্কের ভাড়া।

আগামী ৬ ও ১১ জুন সমর্থকদের জন্য চারটি ম্যাচ আয়োজন করবে বার্সেলোনা। এই ম্যাচ খেলার জন্য জনপ্রতি গুনতে হবে ৩০০ ইউরো করে। বাংলাদেশি মুদ্রায় যা ২৮ হাজার টাকার বেশি। খেলা শুরুর আগে ১৫ মিনিট ওয়ার্ম আপের সময় দেওয়া হবে। আর ম্যাচ খেলা হবে ৪০ মিনিট করে। যেকোনো দুর্ঘটনার জন্য মেডিকেল টিমও থাকবে প্রস্তুত।

এছাড়া খেলতে আসা এসব সমর্থকরা নিজেদের খেলা দেখানোর জন্য সর্বোচ্চ ১৫ জন করে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন মাঠে আনতে পারবেন। গ্যালারিতে বসে সেসব ম্যাচ দেখার জন্য গুনতে হবে ৩০ ইউরো করে। খেলোয়াড় এবং দর্শক- উভয়েই বার্সার ক্লাব জাদুঘরের একটি করে টিকিট পাবেন।

খেলার মাঠে খেলা ছাড়াও যেকোনো ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানও আয়োজন করা যাবে। এসব অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে ন্যু ক্যাম্পের মাঠ ও বরাদ্দকৃত কয়েকটি কক্ষ। অনুষ্ঠানে ২৫ থেকে ৫০ জনের জন্য দেওয়া হবে ফাউন্ডেশন লাউঞ্জ। আর ৩০০ থেকে ১০০০ অতিথির অনুষ্ঠান হলে গ্র্যান্ডস্ট্যান্ড হল দেবে ন্যু ক্যাম্প।

ছোট পরিসরে ২৫ থেকে ৫০ জন অতিথি নিয়ে বিয়েসহ যেকোনো অনুষ্ঠানের ক্ষেত্রে ফাউন্ডেশন লাউঞ্জের ভাড়া দিতে হবে ১৬শ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা দেড় লাখ টাকার বেশি। আর সর্বোচ্চ ৩০০ থেকে এক হাজার অতিথির জন্য গ্র্যান্ডস্ট্যান্ড হল নিতে ভাড়া গুনতে হবে ১৩ হাজার ৫০০ ইউরো বা প্রায় ১৩ লাখ টাকা।

এটি শুধুমাত্র জায়গার ভাড়া হিসেবে নেওয়া হবে। এর বাইরে নিজস্ব ক্যাটেরিংয়ের মাধ্যমে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করবে ন্যু ক্যাম্প কর্তৃপক্ষ। সেক্ষেত্রে জনপ্রতি ৯৫ ইউরো থেকে শুরু করে ১২০ ইউরোর মধ্যে বিভিন্ন মেন্যুর ব্যবস্থা রাখা হয়েছে। সব খরচের সঙ্গেই আলাদা করে যোগ হবে ভ্যালু এডেড ট্যাক্স।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ