নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

নীলফামারী জেলার জলঢাকা ডিমলা সড়কের বারোগোপাল এলাকায় পিতাসহ দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার সকাল ৯টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার ডোমার উপজেলার ডাকবাংলা কাজীপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে পোলট্রি ব্যবসায়ী জাকির হোসেন (৫০) এবং একই উপজেলার আন্ধারুর মোড় এলাকার গোলাম মোস্তফার ছেলে পিকআপচালক আব্দুল কালাম (৩৫)। আহত হয়েছেন জাকির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৫)।

স্থানীয়রা জানায়, সকালে পোলট্রি খাবার আনার জন্য পিকআপযোগে ডোমার থেকে রংপুর যাচ্ছিলেন জাকির ও তার ছেলে। ওই স্থানে আসামাত্র বিপরীত দিক থেকে আসা ঢাকা হতে ডিমলাগামী অনিক পরিবহনের একটি নৈশকোচের সঙ্গে তাদের বহনকারী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই জাকির ও পিকআপচালক নিহত হয়। এ সময় আহত হয় জাকিরের ছেলে সাদ্দাম হোসেন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে জলঢাকা থানার ওসি দিলওয়ার হাসান ইনাম দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ