নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মাসাবো এলাকায় হাসনা হেনা (৩২) নামে এক গৃহবধূকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেছেন তার পাষন্ড স্বামী আনোয়ার হোসেন। বৃহস্পতিবার ভোরে স্বামী আনোয়ার হোসেন তার স্ত্রী হাসনা হেনাকে হত্যা করে পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্লার মেয়ে হাসানা হেনার সঙ্গে ১০ বছর আগে নোয়াখালী জেলার হাতিয়া এলাকার আনোয়ার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা উপজেলার মাসাবো এলাকায় বসবাস করে আসছিল।
এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে হাসনা হেনার সঙ্গে তার স্বামী আনোয়ার হোসেনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আনোয়ার হোসেন গলাটিপে হাসনা হেনাকে হত্যা করে পালিয়ে যান। এ সময় আশপাশের লোকজন খবর দিলে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।






















