নাটকে বিশেষ অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন নাট্য ব্যক্তিত্ব ড. ইনামুল হক ও সারা যাকের। পদাতিক নাট্য সংসদ-এর আয়োজনে আগামী ৭ এপ্রিল শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী এ নাট্যোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উৎসবের দ্বিতীয় দিনে সৈয়দ বদরদ্দীন হোসাইন স্মারক সম্মাননা প্রাপ্ত দুই নাট্য ব্যক্তিত্বের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
পদাতিক নাট্য সংসদের সহ-সভাপতি শেখ মোসলেহ উদ্দিন রুমু জানান, আগামী ৮ এপ্রিল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সৈয়দ বদরদ্দীন হোসাইন স্মারক সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে, সম্মাননা প্রাপ্ত দুই নাট্য ব্যক্তিত্ব ড. ইনামুল হক ও সারা যাকেরে হাতে পুরস্কার তুলে দিবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
‘নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার, নাটক হোক জীবনের প্রকাশিত সত্য’ স্লোগানে উৎসবে অংশগ্রহণ করবে দেশ ও দেশের বাইরের ১০টি নাট্যদল। যেখানে পদাতিক নাট্য সংসদ, নাগরিক নাট্য সম্প্রদায়, মহাকাল নাট্য সম্প্রদায়, নাট্যকেন্দ্র, নাগরিক নাট্যাঙ্গন, প্রাঙ্গণেমোর, আরশীনগর ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ছাড়াও ভারতের অনীক এবং কল্যাণী নাট্য চর্চাকেন্দ্র নাটক নিয়ে অংশ নেবে।
প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল হলের সম্মুখপ্রান্তে উন্মুক্ত মঞ্চে বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক পর্ব। এর পরপরই দুটি মিলনায়তনে প্রদর্শিত হবে নাটক। আগামী ৭ এপ্রিল সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার মূল হলে প্রধান অতিথি থেকে নাট্যোৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
























