আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীসহ ৭জনকে নওগাঁর আত্রাইয়ে থেকে আটক করেছে পুলিশ। উপজেলার বিষা ইউনিয়নের বৈঠাখালি গ্রাম থেকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মাতাল অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার ইসলামগাতি গ্রামের আলহাজ্ব ফয়েজ উদ্দিনের ছেলে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান (৪৫), আলতাফ হোসেন (৪০), মহিদুল ইসলাম (৪০), আব্দুর রশিদ (৩৫), রহিদুল ইসলাম (৩৯), আব্দুর রাজ্জাক (৩৫) এবং শ্রী রনজিত দাস (৪০)।
ওসি আব্দুল্লাহ আল মাসুদ চৌধূুরী (আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা) জানান, চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানসহ তার সহযোগীরা বৈঠাখালি গ্রামে শুক্রবার রাতে মদ পান করে রাস্তায় মাতাল অবস্থায় ঘোরাঘুরি করছিল। এ সময় কর্তব্যরত পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাদকদ্রব্য ১৯৯০ এর (২৬) ধারায় একটি মামলা হয়েছে। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা হাজতে পাঠানো হবে।
























