দেশে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বাড়ছে প্রতিবছর

আর্থনিউজ২৪: দেশে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বাড়ছে প্রতিবছর। আধুনিকায়ন, শিল্পায়ন, নগরয়ান ও নৈতিক অবক্ষয়ের কারণে সাম্প্রতিক সময়ে শহরে বাড়ছে এই হার। সাম্প্রতিক সময়ে, বিবাহ বিচ্ছেদে নারীর অংশ বেড়েছে। দুজনের মানসিকতার মিলের অভাবসহ, পারস্পরিক দ্বন্দ্বের কারণে এই হার বাড়ছে বলে অভিযোগ- ভুক্তভোগীদের।

আর, এই হার কমাতে যৌথপরিবারের পাশাপাশি মানুষের নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেছেন- সংশ্লিষ্টরা।

পরিবার মানুষের আজীবন শাশ্বত সংগঠন। যেখানে মানুষ লালিত-পালিত হয় এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটে। কিন্তু, সাম্প্রতিক বছরগুলোতে বিচ্ছেদের ফলে ছেদ পড়েছে শিশুদের মানবিক বিকাশসহ সার্বিক সমাজব্যবস্থায়।

সমাজে যৌথ পরিবার ভেঙ্গে একক পরিবার গঠন এবং পারিবারিক বন্ধন শিথিল হওয়ায় ঠুনকো ছোট বিষয়েও সহজে ঘটছে বিবাহ বিচ্ছেদ।

সাম্প্রতিক সময়ে বিবাহ বিচ্ছেদ নারীরা বেশি দিচ্ছেন। নারীর অর্থনৈতিক স্বাবলম্বন ও ক্ষমতায়নের ফলে এই হার বাড়ছে বলে মত, অ্যাডভোকেট সালমা আলীর।

পারিবারিক মূল্যবোধের পাশাপাশি, আধুনিক অর্থনীতির সাথে তাল মিলিয়ে, নারী-পুরুষের মধ্যে সমতা বিধান করা গেলেই বিবাহ বিচ্ছেদ কমবে বলে জানান সমাজবিজ্ঞানী এ আই মাহবুব উদ্দিন আহমেদ।

বিবাহ বিচ্ছেদ কমাতে, পেশাগত কাউন্সেলিংয়ের উপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ