‘আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এই পরিবর্তনের সঙ্গে যথাযথ পদক্ষেপ নিতে হবে। শিক্ষা ও জ্ঞান অর্জনই হলো পরিবর্তনশীল যুগের প্রধান বাহন’।
আজ বুধবার সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৭৪তম দীর্ঘমেয়াদি কোর্সের জেন্টেলম্যান ও জেন্টেলউইম্যান ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক।
সেনা কর্মকর্তাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষাকেই জীবনের প্রধান ব্রত হিসেবে নেয়ার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক। বাহিনীকে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কাজ করতে নির্দেশ দিয়েছেন তিনি।
চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
পরিবর্তনের সাথে নিজেদের সঁপে দিতে হবে জানিয়ে আবু বেলাল মো. শফিউল হক বলেন, ‘আমরা একটি পরিবর্তনশীল সময় অতিক্রম করছি। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এই পরিবর্তনের সঙ্গে যথাযথ পদক্ষেপ নিতে হবে। শিক্ষা ও জ্ঞান অর্জনই হলো পরিবর্তনশীল যুগের প্রধান বাহন। শিক্ষাকে সব পর্যায়ে অগ্রাধিকার প্রদান করেছে সেনাবাহিনী। ডিজিটাল বাংলাদেশ গড়তে বিএমএ পাঠ্যসূচিতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) অন্তর্ভুক্ত করা হয়েছে।
























