আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘জয় বাংলা কেবল মাত্র একটি স্লোগান নয়, এটি একটি আদর্শের নাম। জয় বাংলা বাঙালির স্লোগান, একটি জাতির স্লোগান। যারা বিভেদ, মিথ্যাচার ও ষড়যন্ত্রের রাজনীতি করে, যারা বাংলাকে ঘৃণা করে বিজাতীয় রাজনীতি, ভাষা ও কৃষ্টিকে বাংলার মানুষের ওপর চাপিয়ে দিতে চায়, যারা মুক্তিযুদ্ধের মূলমন্ত্রকেই অস্বীকার করে- তাদের গাত্রদাহ হয় এই স্লোগান শুনলে, ঠিক যেমনটি হতো পাকিস্তানিদের।’
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে কুষ্টিয়ায় বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদফতর অনুষ্ঠানটির আয়োজন করে। তিনি বলেন, ‘জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে পাই। এ স্লোগান শুনেই মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রতিটি দেশ প্রেমিক নাগরিকের দায়িত্ব জয় বাংলা স্লোগানকে ধারণ করে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’
মাহবুব উল আলম হানিফ বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসররা বিভিন্ন স্থানে নির্মম হত্যাযজ্ঞ চালায়। লাশ ফেলা হয়েছিল পুকুর, খাল, নদী, ডোবা-নালা ও গভীর জঙ্গলে। দেশের যেসব এলাকায় গণহত্যা হয়েছে সেসব এলাকায় বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। আবার অনেক জায়গায় বধ্যভূমিগুলো বেহাল। সেগুলো সংস্কারের পাশাপাশি সংরক্ষণ করা হবে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) রফিকুল আলম টুকু প্রমুখ।























