আর্থনিউজ২৪:
সুদখোর-চোরদের হাত কেটে দেবে জেএমবি। কেউ শিরক করলে তাকে হত্যা করবে। আদালতে দেয়া জবানবন্দিতে এসব কথা জানিয়েছেন চট্টগ্রাম অঞ্চলের জেএমবি সংগঠক মিনহাজুল ইসলাম ওরফে সাজিদ।
শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদেরের আদালতে মাঝিরঘাটে ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় জবানবন্দি দেন মিনহাজুল ইসলাম ওরফে সাজিদ।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, জেএমবি সদস্যরা যে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিল মিনহাজুল সেটার পূর্ণাঙ্গ বর্ণনা খুব পরিস্কারভাবে দিয়েছে। কারা পরিকল্পনা করেছে, ছিনতাইয়ে কতজন অংশ নিয়েছে, অস্ত্র কার কাছে ছিল, গ্রেনেড কার কাছে ছিল সব কথা পরিস্কারভাবে এসেছে।
‘জেএমবি লক্ষ্য, উদ্দেশ্য নিয়েও বলেছে মিনহাজুল। ইসলাম কায়েমের জন্য কাজ করতে রুবেল ও সুমন নামে কয়েকজন জেএমবি সদস্য মিনহাজুলকে চট্টগ্রামে নিয়ে আসে। তারা ইসলাম কায়েম করতে চায়। সুদখোর-চোরদের হাত কেটে দেবে। শিরক করলে তাকে হত্যা করবে। এটাই তাদের মোটিভ বলে জানিয়েছে। ’ বলেন মিনান।
টাঙ্গাইল জেলার নাগরপুর থেকে শুক্রবার রাত ২টার দিকে মিনহাজুল ইসলাম ওরফে সাজিদকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
২৩ সেপ্টেম্বর সদরঘাট থানার মাঝিরঘাটে ছিনতাই করতে গিয়ে হ্যান্ডগ্রেনেড বিস্ফোরণে দু’জন ‘ছিনতাইকারী’ ঘটনাস্থলেই নিহত হয় এবং পরে ঘটনার শিকার ব্যবসায়ীও মারা যায়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মিনহাজকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ।
আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দিতে মিনহাজুল জানায়, জেএমবি আদর্শগত কারণে এবং তহবিল জন্য ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাইয়ে মোট ৮ জন সদস্য অংশ নেয়। এর মধ্যে ৪ জন দুইটি মোটর সাইকেলে অপারেশন টিম হিসেবে এবং অপর ৪ জন রেসকিউ টিম হিসেবে কাজ করে।
ছিনতাইয়ের সময় গ্রেনেড বিস্ফোরলে রবিউল ও রফিক নামে তাদের দুই সদস্য মারা যায়। ফারদিন, পিয়াস, মিনহাজ, হাবিব, কালাইয়া ও ফুয়াদ এ ছিনতাইয়ে অংশ নেয়।
ছিনতাইয়ে ব্যবহৃত দু’টি একে-২২ রাইফেলের মধ্যে একটি মিনহাজ কুয়াইশ এলাকা থেকে নিয়ে যায়। তারা মাইক্রোবাসে করে ছিনতাই করতে গিয়েছিল।
এর আগে ৫ অক্টোবর নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় জেএমবি’র একটি আস্তানায় অভিযান চালিয়ে আটটি হ্যান্ডগ্রেনেড ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। এসময় জেএমবি’র সামরিক প্রধান জাবেদসহ পাঁচজনকে আটক করা হয়। জাবেদ ৬ অক্টোবর ভোরে নগর গোয়েন্দা পুলিশের সঙ্গে আরেকটি অভিযানে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়।
বাকি চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দফা রিমান্ডে নিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মিনহাজের বিষয়ে তথ্য পাওয়া যায় বলে সূত্র জানিয়েছে।[review]






















