সংসদ ভবন এলাকা থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকেল ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ হয়।
প্রতিবাদ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সানাউল্লাহ মিয়া সরকারের উদ্দেশে বলেন, শেরেবাংলা নগর থেকে জিয়াউর রহমানের কবর সরানো হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসুন।
এ সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম মহাসচিব ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার বলেন, জিয়াউর রহমানের কবর শেরেবাংলা নগর থেকে সরানো হলে ঘরে ঘরে আগুন জ্বলবে। সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা লুতফে আলম বলেন, জিয়াউর রহমান এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তার কবর শেরেবাংলা নগরেই থাকবে। আইনজীবীরা কোনোভাবেই এ কবর সরাতে দেবে না।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য খোরশেদ মিয়া আলম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপিপন্থী আইনজীবী বোরহান উদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকী, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মকবুল ফকির, ইকবাল হোসেন, খোরশেদ আলম প্রমুখ।
























