জার্মানির বাভারিয়া প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে দেড়শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।
বাভারিয়ার রাজধানী মিউনিখের ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বেড আইবিংয়ে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং বেশ কয়েকটি কম্পার্টম্যান্ট উল্টে গেছে। জার্মান পুলিশ জানিয়েছে, এখনো অনেক মানুষ দুর্ঘটনা আক্রান্ত ট্রেনে আটকে আছে এবং তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
বাভারিয়া পুলিশের মুখপাত্র স্টেফান সোনটাং বলেন, এটা সাম্প্রতিক কয়েক বছরে এই অঞ্চলে হওয়া সবচেয়ে বড় দুর্ঘটনা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টার সময়ে এই দুই ট্রেনের সংঘর্ষ ঘটে। এখন পর্যন্ত নিশ্চিত ভাবে হতাহতের সংখ্য জানা যায়নি তবে জার্মান পুলিশ একটি টুইটার পোস্টে জানিয়েছে কমপক্ষে ১৫০ জন আহত হয়েছে। জানা গেছে এদের মধ্যে গুরুতর আহত হয়েছে ১০ জন।
























