‘তুমি আজ নেই বলে’ শিরোনামের নতুন একটি গান নিয়ে এলেন ক্লোজআপ তারকা রাশেদ। সম্প্রতি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হয়েছে। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাব্বির জামান।
এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, ‘আমার কাছে রাশেদের গায়কী খুবই অন্য রকম মনে হয়। এ গানটি লেখা ও সুর করার পর রাশেদকেই মনে হয়েছে সে ভালো গাইবে। আশা করছি যারা গানটি শুনবেন ও দেখবেন তারা নিরাশ হবেন না।’
গানটি নিয়ে আশাবদী রাশেদ বলেন, ‘গানটির কথাগুলো মনে রাখার মতো। কথার সঙ্গে সমন্বয় করে দারুণ সুর করা হয়েছে। এখন যেহেতু শ্রোতারা গান শোনার পাশাপাশি ভিডিও দেখতে চায় তাই এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করেছি।’
অডিও গানের বাইরে রাশেদ বর্তমানে নিয়মিত স্টেজ শো ও টিভি লাইভ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আসছে কোরবানি ঈদে নতুন গানের পরিকল্পনা করছেন তিনি।






















