জাতীয় পরিচয়পত্রের সংশোধনের কাজ বন্ধ

পূর্ব ঘোষণা ছাড়াই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধনের কাজ বন্ধ করে দিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। এই অনুবিভাগ নির্বাচন কমিশনের অধীনস্থ হলেও এ সিদ্ধান্তের ব্যাপারে কমিশনের কোনো অনুমোদন নেয়া হয়নি বলে জানিয়েছেন একাধিক নির্বাচন কমিশনার। হঠাত্ এই সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। এদের অনেকেরই বিদেশে যাওয়ার এবং চাকরির জন্য জরুরিভিত্তিতে এনআইডি সংশোধনের প্রয়োজন। কিন্তু আবেদন করার সুযোগ না পেয়ে তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

অনুবিভাগ থেকে জানানো হয়েছে, ‘পরিচয়পত্র সংশোধনের কাজ এখন উপজেলা পর্যায়ে সম্পন্ন হবে। কেন্দ্রীয়ভাবে এ সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না।’ যদিও দেশের অনেক উপজেলা নির্বাচন অফিসে কর্মকর্তা-কর্মচারী সংকট রয়েছে। মাঠ পর্যায়ের সার্ভার স্টেশনগুলো সচল হয়নি। মার্চ থেকে জুন পর্যন্ত সারা দেশে ইউপি নির্বাচন নিয়ে উপজেলা নির্বাচন অফিস ব্যস্ত সময় কাটাবে। ফলে পরিচয়পত্র সংশোধন নিয়ে নাগরিকদের চরম ভোগান্তির আশংকা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসি কার্যালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ১৫ ফেব্রুয়ারি থেকে এনআইডি সংশোধনের জন্য সবাইকেই সংশ্লিষ্ট থানা অথবা উপজেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করতে হবে। সেখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের পরেই জাতীয় তথ্য ভাণ্ডার থেকে তথ্য সংশোধন করার সুযোগ পাওয়া যাবে। তিনি বলেন, ইসির এনআইডি উইংয়ে অতিরিক্ত চাপ সামলাতেই এই  সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ