চট্রগ্রামে সিআরবি এলাকায় আবারও সংঘর্ষঃ আহত ৪

চট্রগ্রামে সিআরবি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এবং সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনের বাহিনী রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর (সিআরবি)’র এলাকায় ফের রণক্ষেত্রে পরিণত হয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি বিনিময় হয় ২০ মিনিটব্যাপী। পুলিশ ধাওয়া দিয়ে এবং ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়েছেন। আটক হয়েছে একজন। রোববার  দুপুর সাড়ে ১২টার দিকে এ এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা সাড়ে ১২টার দিকে জামতলা বস্তির দিক থেকে শ’খানেক যুবক  সিআরবির মূল ফটকের সামনে এসে জমায়েত হয়। খবর পেয়ে এনায়েতবাজারের দিক থেকে বাবর গ্রুপের শ’খানেক কর্মী সশস্ত্র অবস্থায় সেখানে আসে।  উভয় গ্রুপ নিজ- নিজ অবস্থান থেকে শ্লোগান দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২০ মিনিট এ অবস্থা চলাকালে ‘সিআরবি’ এলাকায় আতঙ্ক উত্তেজনা জড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যানচলাচল। গুলির আওয়াজ শুনা যায় বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সংঘর্ষের খবর পেয়ে কোতয়ালি থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। র‌্যাবের চারটি টিমও ঘটনাস্থলে যায়। তারা ধাওয়া দিয়ে উভয় গ্রুপকে সিআরবি এলাকা ত্যাগে বাধ্য করে। সংঘর্ষে হেলাল, শাহেদ ও অজ্ঞাতপরিচয় আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে।  তারা বাবরের অনুসারী বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত একজনকে আটক করেছে।  
কোতয়ালি থানার ওসি মো.জসিম উদ্দিন জানান, সাইফুল ইসলাম লিমন অনুসারি  বাবু নামের এক যুবকে সিআরবিতে পেয়ে মারধর করে বাবর গ্রুপের অনুসারীরা। এ ঘটনার জের ধরে উত্তেজিত লিমন গ্রুপের কর্মীরা সিআরবিতে এসে অবস্থান নেয়। বাবর গ্রুপের অনুসারিরাও সশস্ত্র অবস্থায় সেখানে গেলে  দু’পক্ষের মধ্যে  ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে  হালকা লাঠিচার্জ এবং তিন রাউন্ড গুলি করে সংঘর্ষে জড়িতদের সরিয়ে  দেয় বলে জানান ওসি জসীম উদ্দিন।
এর আগে গত ১২ অক্টোবর দুপুরে সিআরবির সাত রাস্তার মোড়ে উভয় গ্রুপের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘাত ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়।  তারই ধারাবাহিকতায় হেলাল আকবর চৌধুরী বাবর ও সাইফুল আলম লিমনের অনুসারীরা নগরীতে পাল্টাপাল্টি শোডাউনও করে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ জানুয়ারি প্রকাশ্য রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছিল দুই গ্রুপ। এতে দু’জন নিহত হন। নিহতরা হলেন যুবলীগ কর্মী সাজু পালিত (২৮) ও আট বছরের শিশু আরমান।
এ ঘটনার পর হেলাল আকবর চৌধুরী বাবরকে যুবলীগ থেকে এবং সাইফুল ইসলাম লিমনকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়েছিল। গ্রেফতার হয় দুই জন। কিন্তু কয়েক মাসের মাথায় তারা জামিনে মুক্তি পান।  পরবর্তীতে বাবরকে বহিস্কার করা হলেও পরে তাকে যুবলীগে ফিরিয়ে এনে কেন্দ্রীয় কমিটির উপ অর্থ বিষয়ক সম্পাদকের পদ দেয়া হয়। তবে লিমনের বহিস্কারাদেশ প্রত্যাহার করেনি ছাত্রলীগ।
উল্লেখ্য, হেলাল আকবর চৌধুরী সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর এবং সাইফুল ইসলামা লিমন বর্তমান মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ