নগরীর পাহাড়তলী থানার কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাসের ধাক্কায় কামরুল হাসান শাহীন (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার।
শাহীন ফটিকছড়ির ভুজপুর থানার বড় বেতুয়া এলাকার আবদুল হালীম চৌধুরীর ছেলে। নগরীর কর্নেলহাট এলাকায় বাসের টিকেটের ব্যবসা করতেন তিনি।
এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, কাউন্টার বন্ধ করে কর্নেলহাট থেকে রাতে বাসায় ফিরছিল শাহীন। কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে মাটিতে পড়ে যান শাহীন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৩৮৫
























