চয়ন কান্তি দে, বাঁশখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালীতে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে স্থানীয়রা জানায়
আহতদের মধ্যে শাহজাহান (২৫), মো. মহসীন (১৮) ও মো. মফিজের (৩৫) নাম জানা গেছে।
স্থানীয়রা জানায়, শনিবার বিকালে বৈলছড়ি এলাকায় যুবলীগের সমাবেশ ছিল। সেখানে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়। সমাবেশ শেষে চেচুরিয়া বাজারের হাবিবের দোকান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও পাওয়া যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন চক্রবর্তী জানান, এলাকার একটি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তিনজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।






















