৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা

চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাতটার দিকে ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, জঙ্গি দমনে এসপির সক্রিয় ভূমিকার কারণে এ হত্যাকাণ্ড হতে পারে।

নিহত নারীর নাম মাহমুদা খানম মিতু। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, এসপি বাবুল আক্তারের বাসা চট্টগ্রাম নগরের ওআর নিজাম রোডে। তাদের ছেলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ে। সকালে ছেলেকে সঙ্গে নিয়ে হেঁটে স্কুলের বাসে তুলে দিতে যান মা মাহমুদা। বাসার কাছাকাছি ওয়েল ফুডের দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত আসে। তারা মাহমুদাকে গুলি করে চলে যায়। এরপর তিনি মারা যান।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন জানান, চট্টগ্রামে জঙ্গি দমনে স্যারের (এসপি বাবুল আক্তার) সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি অনেক জঙ্গি ধরেছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এ কারণেই তার স্ত্রীকে হত্যা করা হতে পারে।

সম্প্রতি বাবুল আক্তারের এসপি হিসেবে পদোন্নতি হয়েছে। তাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলের বয়স সাত ও মেয়ের চার বছর।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ