চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ ৮৭ হাজার ২৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু সুফিয়ান পেয়েছেন ১৭ হাজার ৯৩৫ ভোট। ১৩ জানুয়ারি সোমবার রাত ৯টার দিকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এই নির্বাচনি ফল ঘোষণা করেন।
সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। প্রথমবারের মতো ইভিএমে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসনে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
হাছানুজ্জামান বাংলা বলেন, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। চট্টগ্রামে বোয়ালখালী উপজেলা, মহানগরীর চান্দগাঁও ও বায়েজিদের কিছু অংশ নিয়ে চট্টগ্রাম-৮ আসন গঠিত। এ আসনে ভোটার চার লাখ ৭৪ হাজার ৪৮৫ জন। এর মধ্যে দুই লাখ ৪১ হাজার ১৯৮ জন পুরুষ এবং দুই লাখ ৩৩ হাজার ২৮৭ জন নারী। এই আসনের নির্বাচনে মোট ছয় জন প্রার্থী অংশ নেন।






















