চকরিয়ায় মোটরসাইকেল-ডাম্পার ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ইট বোঝাই ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বোরহান উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত বোরহান ওষুধ কোম্পানি বায়ো ফার্মার এরিয়া ম্যানেজার। এ সময় আরো দুজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের অদূরে নলবিলাস্থ ডলমপীর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার গিয়াস উদ্দিনও রয়েছেন। আহত অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নিহত বোরহান উদ্দিনের বাড়ি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে। আহত গিয়াস উদ্দিনের বাড়িও পেকুয়ায়।

আহতদের বেসরকারি হাসপাতাল জমজম-এ ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তারমধ্যে বায়ো ফার্মার এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্য দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনায় পতিত ইট বোঝাই ডাম্পার ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সড়ক নিরাপত্তা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ