নারায়ণগঞ্জের আলোচিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনার দিন ‘প্রকৃতপক্ষে কী ঘটেছিল তার প্রমাণ’ দিতে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন সংসদ সদস্য সেলিম ওসমান।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৯ মে বৃহস্পতিবার নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন করেন সেলিম ওসমান। ওই দিন তিনি দাবি করেন, শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। জীবন বাঁচানোর জন্য তিনি স্বেচ্ছায় কান ধরে ওঠবস করেছেন। এ ব্যাপারে তথ্যপ্রমাণ আছে বলেও দাবি করেন সেলিম ওসমান।
শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করানোর ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য নাসিম ওসমানকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, লজ্জা থাকলে উনার আর সংসদে বসা উচিত নয়।
উল্লেখ্য, শিক্ষক শ্যামল কান্তি ভক্ত গত শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। ওইদিন রাতে ‘সালাউদ্দিনের ঘোড়া’ নামক এক ফেসবুক থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। শিক্ষক শ্যামল কান্তি ভক্তের লাঞ্ছনার ঘটনায় নিন্দার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।





















